আজকের দিনেবাংলার আয়নারাজনীতি

ভোট দেখতে বিদেশীদের ভিড় বাংলায়

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা:- রাজ্যে শুরু হয়েছে গণতন্ত্রের উৎসব।ভারতবর্ষে ভোটকে সবচেয়ে বড় উৎসব বলা হয়। তার মধ্যে পশ্চিমবঙ্গের ভোট নিয়ে আলাদাই একটা উত্তেজনা কাজ করে রাজ্য জুড়ে। অন্যান্য রাজ্যের ভোটের ছবির সঙ্গে এ রাজ্যের ভোটের ছবিটার আকাশ-পাতাল তফাৎ। এর আগে বঙ্গের দূর্গাপুজো দেখতে বিদেশীদের আসার কথা তো শুনেছেন। কিন্তু ভোট দেখতে বিদেশীদের আসার কথা কি শুনেছেন? আজ্ঞে হ্যাঁ, ঠিকই শুনছেন। এই উৎসবে সাক্ষী হতে বিদেশ থেকে এলেন প্রতিনিধিরা। উৎসবের আমেজ, নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা এবং প্রক্রিয়া সরেজমিনে খতিয়ে দেখতে শিলিগুড়ি কলেজের ডিসিআরসি অর্থাৎ নির্বাচন প্রক্রিয়া কেন্দ্র পরিদর্শন করেন তাঁরা।

শিলিগুড়িতে আসা এই প্রতিনিধি দলে নামিবিয়া, জর্জিয়া, নেপাল, ফিলিপিন্স, সুইজারল্যান্ড এবং কেনিয়া— এই ছয়টি দেশ এবং আন্তর্জাতিক সংস্থা ‘ইন্টারন্যাশনাল আইডিয়া’ মিলিয়ে মোট ১৩ জন প্রতিনিধি এসেছেন। প্রথমেই শিলিগুড়ি কলেজের ডিসিআরসি সেন্টারে ঢুকে প্রশাসনিক কর্তা ও ভোটকর্মীদের অভিজ্ঞতা শুনে নেন তাঁরা। জেলার নির্বাচনী আধিকারিকরা ভোট পরিচালনার পূঙ্খানুপুঙ্খ প্রতিনিধিদের কাছে তুলে ধরেন। ভোট পরিচালনার ক্ষেত্রে এতো বিপুল পরিমাণ পুলিশ এবং প্রশাসনিক আধিকারিক থেকে সরকারি কর্মীদের অংশগ্রহণ দেখে রীতিমতো অবাক হয়ে যান তাঁরা। যদিও এই বিষয়ে সংবাদমাধ্যমের সামনে কোনও মুখ খুলতে চাননি বাংলার ভোট দেখতে আসা বিদেশিরা।

ভারতের নির্বাচন ব্যবস্থার সুশৃঙ্খল পরিকাঠামো এবং প্রযুক্তির ব্যবহার দেখে বিদেশের প্রতিনিধিরা যথেষ্ট প্রভাবিত বলে কমিশন সূত্রে খবর। এই সফর বিশ্ব দরবারে ভারতীয় গণতন্ত্রের ভাবমূর্তিকে আরও উজ্জ্বল করবে বলেই মনে করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *