তিলোত্তমাআজকের দিনে

বকেয়া ডিএ জট কাটাতে বড় পদক্ষেপ, ৩০ মে সরকারি কর্মীদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা: সপ্তম বেতন কমিশন গঠনের ঐতিহাসিক সিদ্ধান্তের পর এবার রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ্য ভাতা বা ডিএ  নিয়ে বড় পদক্ষেপ নিতে চলেছে রাজ্যের নতুন বিজেপি সরকার। আগামী ৩০ মে নবান্নে সরকারি কর্মচারী সংগঠনগুলির সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে বসতে চলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

বিজেপির নির্বাচনী প্রতিশ্রুতি বা ‘সংকল্পপত্র’ মেনে গত সোমবারই রাজ্য মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠকে সপ্তম বেতন কমিশন গঠনের নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। তবে সেই বৈঠকে বকেয়া ডিএ নিয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়ায় কর্মচারীদের একাংশের মধ্যে কিছুটা হতাশা তৈরি হয়েছিল। এবার মুখ্যমন্ত্রীর এই বৈঠকের খবরে নতুন করে আশায় বুক বাঁধছেন রাজ্য সরকারি কর্মীরা।

মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের প্রস্তুতি:

  • আন্দোলনকারীদের ডাক: সরকারি কর্মী সংগঠনের অন্যতম মামলাকারী ভাস্কর ঘোষ মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর জানিয়েছেন, আগামী ৩০ মে নবান্নে মামলাকারী সমস্ত সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী।

  • আশার আলো কর্মীদের মধ্যে: ভাস্কর ঘোষ আরও বলেন, “শুভেন্দুবাবু যেহেতু আমাদের আন্দোলনের সঙ্গে ছিলেন, তাই আমরা অত্যন্ত আশাবাদী।” একই সঙ্গে ডিএ নিয়ে দীর্ঘসূত্রিতার জন্য বিগত সরকার ও তৎকালীন মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করেন তিনি।

সংকল্পপত্র পূরণের পথে সরকার:

রাজ্যে সরকার গঠনের ৪৫ দিনের মধ্যে সপ্তম বেতন কমিশন গঠন করার প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। সেই মতো সোমবারের মন্ত্রিসভার বৈঠকেই নতুন সরকার গঠনের পর সপ্তম রাজ্য বেতন কমিশন গঠনের আনুষ্ঠানিক ঘোষণা করা হয়। মন্ত্রিসভায় জানানো হয়েছিল, বকেয়া ডিএ নিয়ে আগামী দিনে আলোচনা হবে। সেই প্রতিশ্রুতি বজায় রেখেই এবার দ্রুত বকেয়া ডিএ জট কাটাতে সরাসরি ময়দানে নামছেন মুখ্যমন্ত্রী নিজে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *