আজকের দিনেতিলোত্তমাবাংলার আয়না

State Cabinet :কাল রাজ্য মন্ত্রিসভার সম্প্রসারণ, ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা:- আগামীকাল রাজ্যে মন্ত্রিসভার সম্প্রসারণ হতে চলেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এক্স পোস্টে জানিয়েছেন, সকাল ১১টায় লোকভবনে ৩৫ জন মন্ত্রী শপথ নেবেন। শপথবাক্য পাঠ করাবেন রাজ্যপাল আর এন রবি। নতুন মন্ত্রিসভা গঠন ঘিরে কারা জায়গা পাচ্ছেন, তা নিয়ে জল্পনা তুঙ্গে।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজের এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘আগামীকাল জনগণের রায়ে নির্বাচিত রাষ্ট্রবাদী সরকারের পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠিত হবে। কাল সকাল ১১টায় লোকভবনে শপথ নেবেন ৩৫ জন মন্ত্রী’। সূত্রের খবর, লোকভবনে শপথগ্রহণ অনুষ্ঠানের সমস্ত প্রস্তুতি চূড়ান্ত। শপথবাক্য পাঠ করাবেন রাজ্যপাল আর এন রবি।

মন্ত্রিসভা সম্প্রসারণের খবর সামনে আসতেই কারা নতুন মন্ত্রী হচ্ছেন, তা নিয়ে জোর জল্পনা চলছে। মন্ত্রিত্বের দৌড়ে প্রথম সারিতে রয়েছেন মানিকতলার বিধায়ক তাপস রায়। প্রশাসনিক অভিজ্ঞতা ও সংগঠনে দক্ষতার জন্য তাঁকে গুরুত্বপূর্ণ দফতর দেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে।

উত্তরবঙ্গ থেকে শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষের নাম জোরালো ভাবে শোনা যাচ্ছে। ওই অঞ্চলে দলের ভিত মজবুত করতে তাঁকে মন্ত্রিসভায় আনা হতে পারে। নোয়াপাড়ার বিধায়ক অর্জুন সিং-এর নামও আলোচনায় রয়েছে। হিন্দিভাষী অধ্যুষিত এলাকায় তাঁর প্রভাব ও সাংগঠনিক ক্ষমতা মাথায় রেখে তাঁকে জায়গা দেওয়ার সম্ভাবনা প্রবল।

এছাড়া বিজেপির রাজ্য সহ-সভাপতি জগন্নাথ চট্টোপাধ্যায় ও মুখপাত্র শারদ্বত মুখোপাধ্যায়ের নামও মন্ত্রিত্বের তালিকায় উঠে আসছে। উত্তরবঙ্গের প্রতিনিধি হিসেবে মালতি রাভা রায় এবং কোচবিহারের আনন্দময় বর্মনের নাম শোনা যাচ্ছে। আদিবাসী ও রাজবংশী সমাজের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে এই মুখগুলিকে সামনে আনা হতে পারে।

বিধায়ক উমেশ রাই-এর নামও মন্ত্রিত্বের দৌড়ে রয়েছে। শিল্পাঞ্চল ও হাওড়া-হুগলি বেল্টে সংগঠন মজবুত করতে তাঁকে মন্ত্রিসভায় জায়গা দেওয়া হতে পারে। ময়নার বিধায়ক তথা প্রাক্তন ক্রিকেটার অশোক দিন্দার নামও জল্পনায় আছে। যুব সমাজের মধ্যে তাঁর জনপ্রিয়তা মাথায় রেখে যুব কল্যাণ বা ক্রীড়া দফতরের দায়িত্ব দেওয়া হতে পারে।

সূত্রের খবর, ভারসাম্য রেখে মন্ত্রিসভা সাজানো হচ্ছে। উত্তরবঙ্গ, জঙ্গলমহল, মতুয়া অধ্যুষিত এলাকা এবং হাওড়া-হুগলি শিল্পাঞ্চল থেকে প্রতিনিধিত্ব বাড়ানোর ওপর জোর দেওয়া হচ্ছে। জাতিগত ভারসাম্য রাখতে বিভিন্ন সম্প্রদায় থেকেও মুখ নেওয়া হবে। চূড়ান্ত তালিকা নিয়ে মুখ্যমন্ত্রীর দফতর কঠোর গোপনীয়তা বজায় রাখছে।

কাল সকাল ১১টায় লোকভবনে শপথগ্রহণ অনুষ্ঠান। তারপরই স্পষ্ট হবে ৩৫ জনের পূর্ণাঙ্গ মন্ত্রিসভার চেহারা। নতুন মন্ত্রীদের দফতর বণ্টন থেকে সরকারের আগামী দিনের রাজনৈতিক রূপরেখা বোঝা যাবে বলে মনে করছে রাজনৈতিক মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *