আজকের দিনেখেলাতিলোত্তমাভারত

East Bengal-Football : ২২ বছর পর আইএসএল চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল, লাল-হলুদে বাঁধনভাঙা উচ্ছ্বাস !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা:- দুই দশকের বেশি সময়ের যন্ত্রণার অবসান ঘটিয়ে ভারতসেরার তকমা ছিনিয়ে নিল ইস্টবেঙ্গল। রবিবার ফাইনালে ইন্টার কাশীকে ২-১ গোলে হারিয়ে প্রথমবার আইএসএল চ্যাম্পিয়ন হল লেসলি ক্লডিয়াস সরণির শতাব্দী প্রাচীন ক্লাব। প্রথমার্ধে পিছিয়ে পড়েও দ্বিতীয়ার্ধে দুর্দান্ত কামব্যাক করে কোটি কোটি লাল-হলুদ সমর্থকের স্বপ্নপূরণ করল অস্কারের ছেলেরা।

ডু-অর-ডাই ফাইনালে শুরু থেকেই আক্রমণাত্মক ছিল ইস্টবেঙ্গল। বিশেষ করে বাঁ প্রান্ত ধরে বিপিন সিংহের একের পর এক ক্রস বিপদে ফেলছিল ইন্টার কাশীর রক্ষণকে। তবে সুযোগ নষ্টের খেসারত দিতে হয় লাল-হলুদকে। ইউসেফ এজ়েজারি সহজ সুযোগ পেয়েও বল বার উঁচিয়ে মারেন। উল্টোদিকে পয়েন্ট তালিকায় পিছিয়ে থাকলেও প্রথমার্ধে কাশী বেশ কয়েকবার গোলের কাছে পৌঁছে যায়। প্রভসুখন গিল দারুণ কিছু সেভ করে দলকে ম্যাচে রাখেন। তবুও বিরতিতে ১-০ গোলে পিছিয়ে মাঠ ছাড়ে ইস্টবেঙ্গল।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই মরিয়া হয়ে ওঠে লাল-হলুদ। কোচ অস্কার ব্রুজোর ছক কাজে লাগে ৪৯ মিনিটে। কাশীর গোলরক্ষক শুভম ধাসের ভুলের সুযোগ নিয়ে সমতা ফেরান এজ়েজারি। এই গোলের সুবাদে চলতি মরসুমে সর্বাধিক গোল করে সোনার বুটও নিশ্চিত করেন তিনি।

সমতার পর জয়ের জন্য আক্রমণে আরও লোক বাড়ায় ইস্টবেঙ্গল। ফল মেলে ৭২ মিনিটে। ফের বিপিন সিংহের মাপা ক্রস থেকে পা ছুঁইয়ে দলকে ২-১ গোলে এগিয়ে দেন রশিদ। চলতি মরসুমে এটাই তাঁর প্রথম গোল, আর সেই গোলেই ইতিহাস লিখল ইস্টবেঙ্গল।

শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই লেসলি ক্লডিয়াস সরণি থেকে ময়দান— সর্বত্র শুরু হয় বাঁধনভাঙা উল্লাস। ২২ বছরের অপেক্ষা, হতাশা, ট্রোল— সব ধুয়ে গেল আনন্দের অশ্রুধারায়। প্রথমবার আইএসএল জিতে ইস্টবেঙ্গল প্রমাণ করল, লাল-হলুদ মশাল কখনও নেভে না। সমর্থকদের গলায় এখন একটাই স্লোগান— ‘ইটস টাইম ফর সেলিব্রেশন’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *