এবার রাজ্যের সমস্ত মাদ্রাসাতেও বাধ্যতামূলক ‘বন্দে মাতরম’!
কিউ ইন্ডিয়া বাংলা,কলকাতা: শিক্ষাক্ষেত্রে এক বড়সড় ও ঐতিহাসিক পরিবর্তনের পথে হাঁটল রাজ্যের শুভেন্দু সরকার। সমস্ত সাধারণ শিক্ষাপ্রতিষ্ঠানের পর এবার পশ্চিমবঙ্গের প্রতিটি মাদ্রাসাতেও ক্লাস শুরুর আগের প্রার্থনা সভায় ‘বন্দে মাতরম’ গাওয়া বাধ্যতামূলক করা হলো। মাদ্রাসা শিক্ষাদপ্তরের তরফে ইতিমধ্যেই এই মর্মে একটি কড়া নির্দেশিকা জারি করা হয়েছে। পুরোনো সমস্ত নিয়ম ও সিদ্ধান্ত বাতিল করে এই নতুন নির্দেশিকা অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।
মাদ্রাসা শিক্ষাদপ্তরের নয়া নির্দেশিকা
মাদ্রাসা শিক্ষাদপ্তরের জারি করা বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানানো হয়েছে যে, সংশ্লিষ্ট উচ্চ কর্তৃপক্ষের সুনির্দিষ্ট অনুমোদনের পরেই এই নির্দেশিকা জারি করা হয়েছে। এই নিয়ম অনুযায়ী, রাজ্যের সমস্ত সরকারি, সরকারপোষিত এবং সরকার স্বীকৃত মাদ্রাসায় প্রতিদিন পঠনপাঠন শুরুর আগে সকালের প্রার্থনা সভায় বাধ্যতামূলকভাবে এই রাষ্ট্রগীত গাইতে হবে।
উল্লেখ্য, এর আগেই রাজ্যের সমস্ত সাধারণ স্কুলগুলিতে ‘বন্দে মাতরম’ গাওয়া বাধ্যতামূলক করেছিল রাজ্য সরকার। গত বৃহস্পতিবার বিধানসভায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছিলেন, “আগামী সোমবার থেকেই সমস্ত স্কুলে বন্দে মাতরম বাধ্যতামূলক করা হবে।” মুখ্যমন্ত্রীর সেই ঘোষণার পরপরই শিক্ষাদপ্তরের তরফে বিজ্ঞপ্তি জারি করে সাধারণ স্কুলগুলিতে এই নিয়ম চালু করা হয়। এবার সেই একই নিয়ম বলবৎ হলো মাদ্রাসার ক্ষেত্রেও।
“বিকৃত ইতিহাস বদলের এটাই সঠিক সময়”: শমীক ভট্টাচার্য
মাদ্রাসায় ‘বন্দে মাতরম’ বাধ্যতামূলক করার এই সরকারি সিদ্ধান্তকে ঘিরে স্বাভাবিকভাবেই রাজ্যের রাজনৈতিক ও সামাজিক মহলে বেশ কিছু বিতর্ক তৈরি হয়েছে। তবে সেই বিতর্ককে ফুৎকারে উড়িয়ে দিয়েছেন বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ শমীক ভট্টাচার্য। এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে বিজেপি রাজ্য সভাপতি বলেন: “আমাদের দেশের বিকৃত ইতিহাসকে বদলে ফেলার এটাই সঠিক সময়। কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের তরফে অনেক আগেই এই বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু তৎকালীন রাজ্য সরকার (তৃণমূল) রাজনৈতিক স্বার্থে তা কার্যকর করতে দেয়নি। তবে এবার রাজ্যের মানুষের সামনে সঠিক তথ্য ও জাতীয়তাবাদ তুলে ধরা হবে।”
সোশাল মিডিয়ায় বার্তা: আর তুষ্টিকরণ নয়
মাদ্রাসায় প্রার্থনার সময় বন্দে মাতরম গাওয়ার এই সিদ্ধান্তকে শুরু থেকেই পূর্ণ সমর্থন জানিয়েছে ভারতীয় জনতা পার্টি। সরকারের জারি করা এই নতুন নির্দেশিকার বিজ্ঞপ্তিটি নিজেদের অফিশিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট করে বঙ্গ বিজেপির তরফে লেখা হয়েছে: “এই সিদ্ধান্ত রাজ্যের সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠানে এক ও অভিন্ন নিয়ম প্রতিষ্ঠার স্পষ্ট বার্তা দিচ্ছে। রাজ্যে আর কোনো তুষ্টিকরণের রাজনীতি চলবে না, বরং সবার জন্য সমান নীতি প্রযোজ্য হবে।”
রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, রাজ্যে ক্ষমতার পরিবর্তনের পর শিক্ষাব্যবস্থার এই ‘জাতীয়তাবাদী’ সংস্কার অত্যন্ত তাৎপর্যপূর্ণ। মাদ্রাসার প্রার্থনা সভায় রাষ্ট্রগীত চালুর এই সিদ্ধান্ত একদিকে যেমন শুভেন্দু সরকারের কড়া প্রশাসনিক মনোভাবকে দর্শাচ্ছে, তেমনই অন্য দিকে অভিন্ন নীতি রূপায়ণের মাধ্যমে রাজ্যে এক নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি করছে।
