আজকের দিনেবাংলার আয়না

পুরী যাওয়ার পথে দুর্ঘটনা! ডেবরায় জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল গাড়ি, আহত ২

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা,পশ্চিম মেদিনীপুর: সাতসকালে ১৬ নং জাতীয় সড়কে ফের বড়সড় দুর্ঘটনা। বৃহস্পতিবার সকালে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের দলবতিপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় পুরীগামী একটি প্রাইভেট গাড়ি। উল্টে যাওয়ার পর প্রায় ৫০ মিটার দূরে গিয়ে গাড়িটি থামে  এই ঘটনায় গাড়িতে থাকা দুই যাত্রী গুরুতর আহত হয়েছেন।

তড়িঘড়ি উদ্ধার ও চিকিৎসা

স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্ঘটনার খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এনএইচ-এর  বিশেষ টিম ও ডেবরা থানার পুলিশ। আহতদের তড়িঘড়ি উদ্ধার করে ডেবরা সুপার স্পেশ্যালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর অবস্থা স্থিতিশীল হওয়ায় তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে। দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে উদ্ধার করে ইতিমধ্যেই থানায় নিয়ে যাওয়া হয়েছে।

দুর্ঘটনার কারণ

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, প্রাইভেট গাড়িটি কলকাতা থেকে পুরীর দিকে যাচ্ছিল। পথেই দলবতিপুর এলাকায় অন্য একটি গাড়িকে পাস  দিতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং গাড়িটি উল্টে যায়।

গত মাসের স্মৃতি: ডেবরা সংলগ্ন জাতীয় সড়কে দুর্ঘটনা এই প্রথম নয়। গত মাসেও পুরী থেকে জগন্নাথ দর্শন করে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েছিলেন একদল পুণ্যার্থী। প্রবল ঝড়বৃষ্টির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে সেই গাড়িটি ডিভাইডার টপকে উল্টো দিকের রাস্তায় চলে যায় এবং একটি লরির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। সেই দুর্ঘটনাতেও তিন জন গুরুতর আহত হয়েছিলেন। বারবার পুরী রুটে এই ধরনের দুর্ঘটনায় যাত্রীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *