Weather : নিম্নচাপের জোড়া ফলায় বঙ্গে টানা বৃষ্টি ! লাল সতর্কতা জারি, ৭ জুলাই পর্যন্ত সমুদ্রে মানা !
কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- সপ্তাহান্তেই আবহাওয়ার বড় বদল আসছে বাংলায়। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের নিম্নচাপ শক্তি বাড়িয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হচ্ছে। সঙ্গে মৌসুমী অক্ষরেখাও সক্রিয়। এই দুইয়ের জেরে শনি থেকে বৃহস্পতিবার পর্যন্ত জেলায় জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। উত্তাল হবে সমুদ্র, তাই ৭ জুলাই পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। বৃষ্টি নামলেও ভ্যাপসা গরম থেকে আপাতত মুক্তি নেই।
আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, নিম্নচাপটি আগামী দু’দিনে আরও শক্তিশালী হয়ে পশ্চিম-উত্তরপশ্চিম দিকে এগোবে। রাজস্থান থেকে ওড়িশা হয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত মৌসুমী অক্ষরেখার কারণে রাজ্যের প্রায় সব জেলাতেই বৃষ্টির দাপট থাকবে।
শনিবার হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়ায় ভারী বৃষ্টির সম্ভাবনা। বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। রবিবার বৃষ্টির তীব্রতা সবচেয়ে বেশি। হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়ায় অতি ভারী বৃষ্টি হতে পারে। কলকাতা-সহ বাকি সব জেলাতেই ভারী বৃষ্টি হবে। উপকূল লাগোয়া দক্ষিণ ২৪ পরগনা এবং দুই মেদিনীপুরে ৪০-৫০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে।
সোমবার দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম বর্ধমান, বীরভূম ও পুরুলিয়ায় ভারী বৃষ্টি চলবে। মঙ্গল এবং বুধবার রাজ্যজুড়ে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা। বৃহস্পতিবার উপকূলের দুই জেলা দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরের দু-এক জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে।
উত্তরবঙ্গের ক্ষেত্রে সোমবার পর্যন্ত বৃষ্টি তুলনামূলক কম থাকবে। তবে মঙ্গলবার থেকে ফের পরিস্থিতি বদলাবে। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরের দু-এক জায়গায় ভারী বৃষ্টি শুরু হবে। বুধবার বৃষ্টি আরও বাড়বে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস। বৃহস্পতিবারও পাহাড় ও সংলগ্ন সমতলের ৫ জেলায় ভারী বৃষ্টি চলবে।
সমুদ্র উত্তাল থাকায় আগামী ৭ জুলাই পর্যন্ত মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে বারণ করা হয়েছে। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি। শুক্রবার সর্বোচ্চ ছিল ৩.২ ডিগ্রি। আপেক্ষিক আর্দ্রতা ৬৬ থেকে ৯৪ শতাংশের মধ্যে থাকায় অস্বস্তি থাকবেই।
নিম্নচাপ আর মৌসুমী হাওয়ার দাপটে আগামী কয়েকদিন বাংলার আকাশ মেঘলাই থাকবে। উপকূল থেকে পাহাড়, সব জায়গাতেই বৃষ্টির প্রভাব পড়বে। তাই অযথা বাইরে না বেরোনোই ভালো। বিশেষ করে উপকূলবর্তী এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া দপ্তর।
