আজকের দিনেবাংলার আয়না

তৃণমূল নেতাদের প্রশ্রয়ে ভাড়া বাড়িতে ‘মধুচক্র’, ক্ষুব্ধ এলাকাবাসীর বিক্ষোভ, গ্রেফতার ১

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- বাঁকুড়া শহরের লালবাজার বাইপাসে ভাড়া বাড়িতে ‘মধুচক্র’ চালানোর অভিযোগ। তৃণমূল নেতাদের মদতেই বছরের পর বছর এই অবৈধ কাজ চলছে বলে দাবি স্থানীয়দের। অবিলম্বে এই বেআইনি কারবার বন্ধের দাবিতে বাড়ির সামনে বিক্ষোভ দেখালেন এলাকাবাসী। ঘটনায় এক জনকে গ্রেফতার করেছে পুলিশ।

স্থানীয়দের অভিযোগ, বিগত কয়েক বছর ধরে লালবাজার বাইপাসের ওই ভাড়া বাড়িতে মধুচক্রের আসর চলছে। তৃণমূলের প্রভাবশালী নেতাদের প্রশ্রয় থাকায় বারবার প্রতিবাদ করেও লাভ হয়নি। এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে, ছেলেমেয়েদের উপর কুপ্রভাব পড়ছে— এই অভিযোগ তুলে সরব হন বাসিন্দারা।

এবার পালাবদলের পরই ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী। মঙ্গলবার সকালে ওই বাড়ির সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখাতে থাকেন তারা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পরে মধুচক্র চালানোর অভিযোগে এক জনকে গ্রেফতার করা হয়। স্থানীয়দের দাবি, এলাকায় সুস্থ পরিবেশ ফেরাতে পুলিশ প্রশাসনকে আরও কঠোর পদক্ষেপ নিতে হবে। শুধু ভাড়াটে নয়, এর পিছনে যাদের মদত রয়েছে তাদেরও খুঁজে বের করে শাস্তির দাবি তুলেছেন তারা।

অন্যদিকে, বাড়ির মালিকের দাবি, তিনি হোটেল ব্যবসার জন্য পরিমল নামে এক ব্যক্তিকে বাড়ি ভাড়া দিয়েছিলেন। সেখানে মধুচক্রের মতো অবৈধ কাজ চলত বলে তিনি কিছুই জানতেন না।

বাঁকুড়া শহরের প্রাণকেন্দ্রে দিনের পর দিন মধুচক্র চলা নিয়ে প্রশ্নের মুখে প্রশাসনের ভূমিকা। রাজনৈতিক মদতেই এই কারবার ফুলেফেঁপে উঠেছে বলে অভিযোগ স্থানীয়দের। একজনকে গ্রেফতার করা হলেও মূল চক্রীদের ধরতে না পারলে এলাকায় শান্তি ফিরবে না বলেই মনে করছেন বাসিন্দারা। পুলিশ জানিয়েছে, গোটা ঘটনার তদন্ত চলছে। এর পিছনে আর কারা জড়িত, খতিয়ে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *