আজ দুর্গাপুরে পাঁচ জেলার প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
কিউ ইন্ডিয়া বাংলা :- আজ ২১ শে মে ,বৃহস্পতিবার দুর্গাপুরে প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দুপুর ২টোয় সৃজনী হলে শুরু হবে এই গুরুত্বপূর্ণ বৈঠক। মুখ্যমন্ত্রী হওয়ার পর এই প্রথম দুর্গাপুর সফরে আসছেন তিনি। বৈঠক ঘিরে কড়া নিরাপত্তা মোতায়েন করা হয়েছে গোটা শহরে।
সূত্রের খবর, দুপুর ২টোয় দুর্গাপুরের সৃজনী হলে এই বৈঠকে পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূম ও পুরুলিয়ার জেলাশাসক, পুলিশ কমিশনার, পুলিশ সুপার-সহ গুরুত্বপূর্ণ দফতরের আধিকারিকরা থাকবেন। এছাড়াও উপস্থিত থাকবেন পাঁচ জেলার বিধায়করা।
মুখ্যমন্ত্রীর বৈঠকের জন্য কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে সৃজনী হল ও সংলগ্ন এলাকায়। প্রশাসন সূত্রে খবর, অন্ডাল বিমানবন্দর থেকে বেরিয়ে ১৯ নম্বর জাতীয় সড়ক ধরে গাড়িতে সৃজনী হলে আসবেন তিনি। গান্ধী মোড় হয়ে প্রবেশ করবেন দুর্গাপুরে।
পশ্চিম বর্ধমানের জেলাশাসক এস পোন্নমবলম বলেন, ‘দুপুর দুটো থেকে বিকেল প্রায় চারটে পর্যন্ত প্রশাসনিক বৈঠক হওয়ার কথা। তার পরে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলে কলকাতায় ফিরে যাবেন মুখ্যমন্ত্রী।’
তাঁকে স্বাগত জানানোর জন্য গান্ধী মোড়, ডিএমসি মোড়ে তোরণ করা হয়েছে। রাস্তার ধারে লাগানো হয়েছে মুখ্যমন্ত্রীর ছবি।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, শিল্পাঞ্চলের পাঁচ জেলাকে একসঙ্গে নিয়ে এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সূত্রের খবর, আইনশৃঙ্খলা, শিল্পে বিনিয়োগ এবং কেন্দ্রীয় প্রকল্পের বাস্তবায়ন নিয়ে কড়া বার্তা দিতে পারেন মুখ্যমন্ত্রী। বিশেষ করে বালি, কয়লা ও পাথর পাচার রুখতে জেলাশাসক ও পুলিশ সুপারদের নির্দেশ দিতে পারেন তিনি।
মুখ্যমন্ত্রী হওয়ার পর শুভেন্দু অধিকারীর প্রথম দুর্গাপুর সফরকে ঘিরে বিজেপি শিবিরে ব্যাপক উৎসাহ। দলীয় কর্মীরা মনে করছেন, এই বৈঠকের মাধ্যমে পশ্চিমাঞ্চলে উন্নয়নের নতুন দিশা দেখাবেন মুখ্যমন্ত্রী।
পাঁচ জেলার উন্নয়ন ও আইনশৃঙ্খলা নিয়ে মুখ্যমন্ত্রী কী বার্তা দেন, সেদিকেই তাকিয়ে রয়েছে গোটা শিল্পাঞ্চল। বৈঠক শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হবেন তিনি। সূত্রের খবর, ২০২৬-এর আগে এই বৈঠককে রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
