Nabanna : প্রধানমন্ত্রীর পরামর্শে জ্বালানি সাশ্রয়ে ৮ দফা নির্দেশিকা মুখ্যসচিব মনোজ কুমার আগরওয়ালের !
কিউ ইন্ডিয়া বাংলা:- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পরামর্শ গ্রহণ করে জ্বালানি সাশ্রয়ে বড় পদক্ষেপ করল রাজ্য সরকার। পেট্রোলের ব্যবহার ও সরকারি খরচ কমাতে মুখ্যসচিব মনোজ কুমার আগরওয়ালের তরফে বিভিন্ন দফতরের সচিব ও জেলাশাসকদের জন্য ৮ দফা নির্দেশিকা জারি করেছে নবান্ন।
নবান্নের নির্দেশিকায় বলা হয়েছে, সরকারি কাজে ভিডিও কনফারেন্স ও ভার্চুয়াল মিটিং বাড়াতে হবে এবং প্রয়োজন ছাড়া সরকারি সফর কমাতে হবে। পাশাপাশি পাবলিক ট্রান্সপোর্ট, কারপুলিং ও ইলেকট্রিক গাড়ি ব্যবহারে উৎসাহ, সরকারি অফিসে বিদ্যুৎ সাশ্রয় ও শক্তি সংরক্ষণ, কাগজের ব্যবহার কমিয়ে ই-অফিস ও ডিজিটাল পরিষেবা চালু, দেশীয় পণ্য ও ‘স্বদেশি’ উদ্যোগকে অগ্রাধিকার, বর্জ্য কমানো ও রিসাইক্লিংয়ের মাধ্যমে প্রাকৃতিক সম্পদের সঠিক ব্যবহার এবং স্বাস্থ্যকর ও পরিবেশবান্ধব জীবনযাত্রা গড়ে তুলতে সচেতনতার বার্তা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
সূত্রের খবর, সব দফতরের সচিব ও জেলাশাসককে এই পরিকল্পনা নিয়ে স্বল্পমেয়াদি, মধ্যমেয়াদি ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা তৈরি করে দ্রুত লিখিত রিপোর্ট জমা দিতে বলেছেন মুখ্যসচিব মনোজ কুমার আগরওয়াল।
প্রধানমন্ত্রীর ‘জ্বালানি সাশ্রয়’ বার্তাকে সামনে রেখে রাজ্যের এই ৮ দফা পদক্ষেপ কার্যকর হলে একদিকে যেমন মাসে মাসে কোটি কোটি টাকার সরকারি খরচ বাঁচবে, তেমনই পেট্রোল-ডিজেলের ব্যবহার কমে দূষণও কমবে বলে আশা করছে নবান্ন। ভার্চুয়াল মিটিং, ই-অফিস ও ইলেকট্রিক গাড়ির ব্যবহার বাড়লে কাজের গতি বাড়ার পাশাপাশি কার্বন নিঃসরণও কমবে। পাশাপাশি স্বদেশি পণ্যে জোর ও বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে স্থানীয় অর্থনীতি চাঙ্গা হবে বলেও মনে করছেন প্রশাসনিক কর্তারা। এবার দেখার বিষয়, দফতর ও জেলাগুলি কত দ্রুত স্বল্পমেয়াদি, মধ্যমেয়াদি ও দীর্ঘমেয়াদি রিপোর্ট তৈরি করে নির্দেশিকা বাস্তবায়ন শুরু করে।
