আজকের দিনেবাংলার আয়না

লোকাল ট্রেনে বড় সুখবর! শিয়ালদহ শাখায় চালু নতুন এসি ট্রেন ও স্পেশাল রুট, একনজরে টাইমটেবিল

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা: রানাঘাট ও বনগাঁর পর এবার জেলা সদর বারাসত। উত্তর ২৪ পরগনা ও শহরতলির নিত্যযাত্রীদের স্বাচ্ছন্দ্য বাড়াতে সোমবার থেকে আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে বারাসত-শিয়ালদহ এসি লোকাল। উদ্বোধনের প্রথম দিনেই বারাসত স্টেশনে ছিল সাধারণ যাত্রীদের উপচে পড়া ভিড়। এই ট্রেনের পাশাপাশি শিয়ালদহ ডিভিশনে একগুচ্ছ নতুন ট্রেন এবং বেশ কিছু ট্রেনের রুট সম্প্রসারণের বড় ঘোষণা করেছে পূর্ব রেল। সব শাখা মিলিয়ে মোট ১১টি নতুন ট্রেন এবং ৫টি বর্ধিত পরিষেবা চালু হচ্ছে।

বারাসত-শিয়ালদহ এসি লোকালের সময়সূচি ও স্টপেজ:

রেল সূত্রে জানানো হয়েছে, নতুন এই এসি লোকালটি সব স্টেশনে দাঁড়াবে না। এটি মূলত ‘গ্যালোপিং’ ট্রেন হিসেবে চলবে।

  • শিয়ালদহ থেকে রওনা: সকাল ১০টা ৩৩ মিনিটে শিয়ালদহ থেকে ছেড়ে বারাসত পৌঁছবে সকাল ১১টা ১৮ মিনিটে।

  • বারাসত থেকে রওনা: সকাল ১১টা ২৯ মিনিটে বারাসত থেকে ছেড়ে শিয়ালদহ পৌঁছবে দুপুর ১২টা ১৩ মিনিটে।

  • স্টপেজসমূহ: বারাসত ও শিয়ালদহের মাঝে ট্রেনটি কেবল মধ্যমগ্রাম, বিরাটি, দমদম ক্যান্টনমেন্ট, দমদম জংশন এবং বিধাননগর রোড স্টেশনে দাঁড়াবে।

গুরুত্বপূর্ণ তথ্য: রেল জানিয়েছে, শিয়ালদহ ডিভিশনে বর্তমানে ২টি এসি রেকের মাধ্যমে মোট ১০টি এসি লোকাল পরিষেবা সচল রয়েছে। এই এসি লোকাল পরিষেবাটি আপাতত পরীক্ষামূলকভাবে সপ্তাহে ৫ দিন (সোমবার থেকে শুক্রবার) চালানো হবে।

হাসনাবাদ, কৃষ্ণনগর ও শান্তিপুর লাইনে বড় বদল:

ব্যস্ত সময়ে হাসনাবাদ ও কৃষ্ণনগর লাইনের যাত্রীদের ক্ষোভ ও ভোগান্তি দূর করতে একগুচ্ছ নতুন পদক্ষেপ করেছে রেল:

  • হাসনাবাদ লাইন: বারাসত থেকে বিকেল ৪টে ৩৮ মিনিটে একটি নতুন বারাসাত-দমদম ক্যান্টনমেন্ট লোকাল চালু হচ্ছে। এছাড়া, ৩৩৩১৯ ব্যারাকপুর-হাসনাবাদ লোকালটি এখন থেকে ব্যারাকপুরের বদলে বিকেল ৫টা ২৪ মিনিটে দমদম ক্যান্টনমেন্ট থেকে ছাড়বে।

  • কৃষ্ণনগর লাইন (রাতের ট্রেন): রাত ৯টার পর কৃষ্ণনগর যাওয়ার ট্রেন না থাকায় যাত্রীদের দীর্ঘদিনের ক্ষোভ ছিল। এবার রাত ১০টা ৮ মিনিটের ৩১৬১৩ শিয়ালদহ-রানাঘাট লোকালটির রুট বাড়িয়ে কৃষ্ণনগর পর্যন্ত করা হলো। ফিরতি পথে ৩১৬১৪ রানাঘাট-শিয়ালদহ ট্রেনটি ভোর ৫টা ৫৫-র বদলে ভোর ৫টা ৩৪ মিনিটে সরাসরি কৃষ্ণনগর থেকে ছাড়বে।

  • শান্তিপুর-আমঘাটা রুট: গ্রামীণ এলাকার যোগাযোগ মজবুত করতে ৩১৫৮৫ আপ রানাঘাট-শান্তিপুর-কৃষ্ণনগর লোকালের রুট বাড়িয়ে আমঘাটা পর্যন্ত করা হয়েছে। পাশাপাশি সকাল ৮টা ৩০ মিনিটে একটি নতুন আমঘাটা-কৃষ্ণনগর লোকাল চালু হচ্ছে, যার ফলে আমঘাটার যাত্রীরা কৃষ্ণনগর এসে সহজেই শিয়ালদহ বা শান্তিপুরের ট্রেন ধরতে পারবেন।

এর পাশাপাশি ডায়মন্ড হারবার ও লক্ষ্মীকান্তপুর লাইনেও একাধিক নতুন ট্রেনের ঘোষণা করা হয়েছে এবং আপাতত ২টি স্পেশাল ট্রেনও লাইনে নামছে।

“এরপর হাসনাবাদেও এসি ট্রেন”, দাবি বিজেপি নেতৃত্বের

বারাসত থেকে এই আধুনিক এসি লোকাল পরিষেবা চালু হওয়া প্রসঙ্গে রাজনৈতিক প্রতিক্রিয়াও সামনে এসেছে। স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি, কেন্দ্রে মোদী সরকারের উন্নয়নের জেরেই এই আধুনিকীকরণ সম্ভব হচ্ছে। বারাসতের পর আগামী দিনে হাসনাবাদ লাইনেও এসি লোকাল চালু করা হবে বলে দাবি করেছেন তাঁরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *