Health-Surprise Visit : মাঝরাতে হাসপাতালে হানা স্বাস্থ্যসচিবের, পরিষ্কার-পরিচ্ছন্নতা নিয়ে কড়া বার্তা !
কিউ ইন্ডিয়া বাংলা:- গতকাল রাতে কলকাতার একাধিক মেডিক্যাল কলেজ ও হাসপাতালে আচমকা পরিদর্শন করলেন রাজ্যের স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম। ন্যাশনাল মেডিক্যাল, কলকাতা মেডিক্যাল, এনআরএস, আরজি কর ও এসএসকেএম ঘুরে দেখেন তিনি। আরজি করে উপাধ্যক্ষ সপ্তর্ষি চট্টোপাধ্যায় ও অন্যান্য চিকিৎসক-আধিকারিকের সঙ্গে বৈঠকও করেন স্বাস্থ্যসচিব।
স্বাস্থ্য ভবন সূত্রে খবর, গত বৃহস্পতিবার কলকাতার পাঁচটি মেডিক্যাল কলেজ ও চারটি টিচিং ইনস্টিটিউশন হাসপাতালের অধ্যক্ষ ও উপাধ্যক্ষদের নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক করেন স্বাস্থ্যসচিব। সেখানে একাধিক বিষয়ে কড়া নির্দেশ দেওয়া হয়। এরপরই গতকাল রাতে হাসপাতালগুলি সরেজমিনে খতিয়ে দেখতে বেরোন নারায়ণস্বরূপ নিগম।
প্রথমে ন্যাশনাল মেডিক্যাল কলেজে যান স্বাস্থ্যসচিব। তার পর একে একে কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতাল, এনআরএস, আরজি কর এবং এসএসকেএম-এ যান তিনি।
চলতি সপ্তাহে রাজ্যের পুর ও নগরোন্নয়ন তথা নারী ও শিশুকল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল হাসপাতাল পরিদর্শনে গিয়ে প্রবল অসন্তোষ প্রকাশ করেন। তারপরই নড়েচড়ে বসেছে প্রশাসন। স্বাস্থ্য ভবন সূত্রে খবর, হাসপাতালের অস্বাস্থ্যকর পরিবেশ, অপরিচ্ছন্ন শৌচাগার এবং নজরদারির অভাব নিয়ে ইতিমধ্যেই হাসপাতালগুলিকে কড়া বার্তা দেওয়া হয়েছে।
মন্ত্রীর ক্ষোভ প্রকাশের পরই স্পষ্ট নির্দেশ এসেছে— শুধু শৌচাগার নয়, হাসপাতালের ওয়ার্ড ও করিডরও পরিষ্কার রাখতে হবে। সূত্রের দাবি, হাসপাতালের বিভিন্ন অংশ দিনে অন্তত তিন বার পরিষ্কার করার কথা বলা হয়েছে। সেই কাজ ঠিকমতো হচ্ছে কি না, তা-ও নিয়মিত নজরে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
মন্ত্রীর অসন্তোষের পর স্বাস্থ্যসচিবের এই রাতের পরিদর্শন যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে প্রশাসনিক মহল। হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা ও রোগী পরিষেবা নিয়ে যে আর কোনও গাফিলতি বরদাস্ত করা হবে না, এই সারপ্রাইজ় ভিজ়িটে সেই বার্তাই দিয়ে গেলেন স্বাস্থ্যসচিব।
