Jahangir-Falta : পালাবদলের ১০ দিন পর ফলতায় দলীয় কার্যালয় খুললেন জাহাঙ্গীর, পুনর্নির্বাচন নিয়ে তুললেন প্রশ্ন !
কিউ ইন্ডিয়া বাংলা, নিজস্ব প্রতিনিধি :- রাজ্যে ক্ষমতা বদলের প্রায় ১০ দিন পর শুক্রবার ফলতা বিধানসভায় তৃণমূলের দলীয় কার্যালয় খুললেন পরাজিত তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান। তৃণমূল নেতা হুমায়ুন কবিরকে সঙ্গে নিয়ে ফলতার কার্যালয়ে যান তিনি। সেখানেই নির্বাচন প্রক্রিয়া ও পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নিয়ে একাধিক প্রশ্ন তোলেন জাহাঙ্গীর।
এদিন জাহাঙ্গীর খান অভিযোগ করেন, নির্বাচন নিরপেক্ষভাবে হয়নি। ২৯ তারিখের ভোটে মাত্র ৩২টি বুথ নিয়ে অভিযোগ জমা পড়েছিল। অথচ পরে ২৮৫টি বুথে পুনর্নির্বাচনের নির্দেশ দেওয়া হয়। “তাহলে হারল কে, আমি?”, প্রশ্ন তোলেন তিনি। ভোটের সময় পুলিশ অবজারভার অজয় পাল শর্মা প্রচুর চাপ তৈরি করেছিলেন বলেও দাবি করেন জাহাঙ্গীর। তাঁর কথায়, “তা সত্ত্বেও ২৯ তারিখের ভোট আমি করিয়েছি।”
নিজের বহুল আলোচিত “পুষ্পা ঝুকেগা নেহি” মন্তব্য থেকেও সরেননি তৃণমূল প্রার্থী। স্পষ্ট জানান, সেই অবস্থানেই অনড় আছেন। রাজ্যের পালাবদলের পর ফলতার পরিস্থিতি নিয়ে তিনি বলেন, ক্ষমতা বদলের সময় স্বাভাবিকভাবেই এলাকা অশান্ত থাকে। ফলতায় যাতে উত্তেজনা না ছড়ায় এবং কর্মী-সমর্থকরা নিরাপদে থাকেন, সে কারণে কিছুটা চুপ ছিলেন। তবে এলাকায় থেকেই পরিস্থিতির উপর নজর রেখেছিলেন বলে দাবি করেন।
প্রচার প্রসঙ্গে জাহাঙ্গীরের দাবি, ২৯ তারিখের আগেই ফলতা জুড়ে তাঁর প্রচার শেষ হয়ে গিয়েছিল। নিজেকে ফলতার “ভূমিপুত্র” উল্লেখ করে তিনি বলেন, “আলাদা করে প্রচারের দরকার নেই আমার।”
২০২৬ বিধানসভা নির্বাচনে তৃণমূলের ভরাডুবির পর ফলতায় দীর্ঘদিন বন্ধ ছিল দলীয় কার্যালয়। শুক্রবার জাহাঙ্গীর খানের উপস্থিতিতে ফের খুলল অফিস। তবে নির্বাচন নিয়ে তাঁর তোলা প্রশ্ন ও পুনর্নির্বাচন নিয়ে বিতর্কে নতুন করে সরগরম রাজনৈতিক মহল।
