মহারাষ্ট্রে নিয়ন্ত্রণ হারিয়ে কুয়োয় পড়ল গাড়ি, একই পরিবারের ৬ শিশু-সহ মৃত ৯
কিউ ইন্ডিয়া বাংলা, মহারাষ্ট্রঃ অন্ধকারের বুক চিরে বাড়ি ফেরার পথে ওত পেতে ছিল মৃত্যু। মহারাষ্ট্রের নাসিকে এক মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন একই পরিবারের ৯ জন সদস্য। মৃতদের মধ্যে রয়েছে ৬টি শিশুও। শুক্রবার রাতে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারের একটি গভীর কুয়োয় পড়ে গেলে এই বীভৎস দুর্ঘটনাটি ঘটে।
মৃতরা প্রত্যেকেই নাসিক থেকে মাত্র ২৫ কিলোমিটার দূরে দিন্দোরির ইন্দোর গ্রামের বাসিন্দা। শুক্রবার রাত ১০টা নাগাদ শিবাজী নগর এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। মৃতদের নাম হলো:
-
সুনীল দত্তু দরগুড়ে (৩২)
-
রেশমা সুনীল দরগুড়ে (২৭)
-
অনিল দরগুড়ে (৩২)
-
খুশি অনিল দরগুড়ে (১৪)
-
মাধুরী অনিল দরগুড়ে (১৩)
-
শ্রেয়াস অনিল দরগুড়ে (১১)
-
শ্রাবণী অনিল দরগুড়ে (১১)
-
সমৃদ্ধি রাজেন্দ্র দরগুড়ে (৭)
কুয়োর অন্ধকারে মরণফাঁদ
পুলিশ প্রাথমিক তদন্তে জানিয়েছে, শিবাজী নগর এলাকাটি যথেষ্ট অন্ধকার ছিল। চালক অন্ধকারে রাস্তার ধারের কুয়োটি শনাক্ত করতে পারেননি। এর ফলেই গাড়িটি সরাসরি কুয়োর ভেতর পড়ে যায়। খবর পাওয়ার সাথে সাথে উদ্ধারকাজে নামে পুলিশ ও স্থানীয় প্রশাসন। দুটি ক্রেন এবং স্থানীয় সাঁতারুদের নামিয়ে গাড়ি ও আরোহীদের উদ্ধারের চেষ্টা করা হয়।
উদ্ধারে দেরি হওয়ার অভিযোগ
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, খবর পাওয়ার পর উদ্ধারকাজ শুরু হলেও তা সম্পন্ন করতে প্রায় ২ ঘণ্টা সময় লেগে যায়। প্রত্যক্ষদর্শীদের দাবি, দ্রুততার সঙ্গে গাড়িটি কুয়ো থেকে তোলা সম্ভব হলে হয়তো কয়েকজনের প্রাণ বাঁচানো যেত। তবে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা পরিবারের ৯ জনকেই মৃত বলে ঘোষণা করেন।
এই মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা ইন্দোর গ্রামে। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে নাসিক পুলিশ।
