আজকের দিনেতিলোত্তমা

প্রেমে অন্ধ! ২৬ লক্ষ টাকা চুরি করে গ্রেফতার কলেজ পড়ুয়া

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- কলেজে পড়াশোনা করেন, কোনও উপার্জন নেই। কিন্তু প্রেমিকাকে দামি উপহার দিয়ে খুশি করার নেশাই শেষ পর্যন্ত শ্রীঘরে পাঠাল এক যুবককে। নগদ ২৬ লক্ষ টাকা ও সোনার গয়না চুরির অভিযোগে সরশুনা থানার পুলিশ গ্রেফতার করেছে কলেজ পড়ুয়া হর্ষবর্ধন সাউকে। আদালত তাঁকে আগামী ৮ ফেব্রুয়ারি পর্যন্ত পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত জানুয়ারি মাসে সরশুনা থানা এলাকার একটি অভিজাত আবাসনের টাওয়ার থ্রি-র একটি ফ্ল্যাটে চুরির ঘটনা ঘটে। অভিযোগ, ১৯ থেকে ২৩ জানুয়ারির মধ্যে ফ্ল্যাট থেকে প্রায় ২৬ লক্ষ টাকা নগদ ও সোনার গয়না চুরি যায়। ফ্ল্যাটের মালকিন রানি শুক্লা সরশুনা থানায় অভিযোগ দায়ের করেন।
পুলিশ তদন্তে নেমে সিসিটিভি ফুটেজ ও অন্যান্য তথ্য বিশ্লেষণ করে জানতে পারে, ওই আবাসনেরই বাসিন্দা হর্ষবর্ধন সাউয়ের ওই ফ্ল্যাটে নিয়মিত যাতায়াত ছিল। এই ঘটনার সময় রানি শুক্লা ও তাঁর পরিবার বাড়িতে ছিলেন না। তাঁরা বাইরে বেড়াতে গিয়েছিলেন। সেই সুযোগেই তালা ভেঙে ফ্ল্যাটে ঢুকে চুরি করে হর্ষবর্ধন বলে অভিযোগ।

পুলিশের জেরায় অভিযুক্ত যুবক স্বীকার করেছে, বান্ধবীর চাহিদা মেটাতেই এই চুরির পথ বেছে নেয় সে। পড়াশোনার সূত্রেই তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু উপার্জন না থাকায় বান্ধবীকে দামি উপহার দিতে পারছিল না। প্রেমিকাকে খুশি করতেই নগদ টাকা ও গয়না চুরি করে বলে পুলিশকে জানিয়েছে হর্ষবর্ধন।

পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, এই ঘটনায় ধৃতের বান্ধবীর কোনও ভূমিকা রয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। ১ ফেব্রুয়ারি হর্ষবর্ধন সাউকে গ্রেফতার করে সরশুনা থানার পুলিশ। পরে তাঁকে আদালতে পেশ করা হলে বিচারক ৮ ফেব্রুয়ারি পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *