কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রে আগুন লাগার ঘটনায় একাধিক প্রশ্ন নিয়ে ধোঁয়াশা
কিউ ইন্ডিয়া বাংলা- বজ্র নিরোধক নেটওয়ার্ক সক্রিয় থাকার পরেও কীভাবে কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রে আগুন লাগলো, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। এখনও আতঙ্ক রয়েছে তাপবিদ্যুৎ কেন্দ্রের কর্মীদের মধ্যে।
তীব্র গরমের পর বৃষ্টি। ভ্যাপসা গরমের হাত থেকে বাঁচলেও বিপদ ঘনিয়ে আসে কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রে। বৃহস্পতিবার সন্ধ্যার দিকের বৃষ্টিতে আচমকাই বাজ পড়ে এই কোলাঘাট পাওয়ার স্টেশনটিতে। তিন নম্বর টারবাইন ফ্লোরে আগুন লেগে যায়। অগ্নিকাণ্ডের জেরে মুহূর্তের মধ্যে আতঙ্ক গ্রাস করে। খবর পেয়েই ঘটনাস্থলে আসে দমকলের দুটি ইঞ্জিন। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয়। ঘটনাস্থলে আসেন কোলাঘাট থানার ওসি কাজল দত্ত। আসেন জেলা পরিষদের অধ্যক্ষ বামদেব গুছাইতও। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, ঘটনার সময় তিন নম্বর চুল্লির ওই টারবাইন ফ্লোরে হঠাৎই বাজ পড়ে। ফলে ছাদের একাংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। পাশাপাশি আগুন লেগে যায়। ওই চুল্লিতে তখন উৎপাদন চলছিল। আগুন নেভানোর পাশাপাশি পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করেন তাঁরা।
তাপ বিদ্যুৎ কেন্দ্র সূত্রে খবর ২০১৮ সালের পর থেকে লাগাতার ওই তিন নম্বর ইউনিট সংস্কার করা হয়। প্রায় ১৫০ থেকে ২০০ কোটি খরচ করে সারাই করা হয়। বজ্র নিরোধক নেটওয়ার্ক সক্রিয় থাকা সত্ত্বেও ঠিক কিভাবে আগুন লাগল তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।
