পুলিশের ভয়ে পালাতে গিয়ে, ধান জমিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু যুবকের
কিউ ইন্ডিয়া বাংলা,বাসন্তী: পুলিশের ধরপাকড়ের ভয়ে অন্ধকারে পালাতে গিয়ে প্রাণ হারালেন এক যুবক। ধান জমিতে ইঁদুর মারার জন্য পেতে রাখা বিদ্যুৎবাহী জিআই তারে জড়িয়ে মৃত্যু হলো আফতাব উদ্দিন মন্ডল নামে ওই যুবকের। বৃহস্পতিবার ভোরে দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী ব্লকের কৃষ্ণনগর গ্রামে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার বাসন্তীতে দুষ্কৃতী হামলায় বেশ কয়েকজন পুলিশ কর্মী জখম হন। সেই ঘটনার প্রেক্ষিতে অভিযুক্তদের শনাক্ত করতে বুধবার রাতভর ওই এলাকায় তল্লাশি চালায় বাসন্তী থানার পুলিশ। পুলিশের গাড়ি গ্রামে ঢুকতেই বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পুলিশি হেনস্থা বা গ্রেফতারি এড়াতে ভোররাতের দিকে নিজের বাড়ি ছেড়ে পালাতে চেয়েছিলেন আফতাব। অন্ধকার থাকায় তিনি গ্রামের রাস্তা এড়িয়ে ধান জমির আল ধরে এগোচ্ছিলেন। অভিযোগ, ধান জমিতে ইঁদুর মারার জন্য বিদ্যুতের সংযোগ দেওয়া জিআই তার বিছিয়ে রাখা ছিল। অন্ধকারের মধ্যে ওই তার দেখতে না পাওয়ায় আফতাবের পা তাতে জড়িয়ে যায় এবং তিনি ঘটনাস্থলেই বিদ্যুৎস্পৃষ্ট হন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বাসন্তী থানার পুলিশ। অচৈতন্য অবস্থায় উদ্ধার করে তাঁকে বাসন্তী গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। ইতিমধ্যেই পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। একদিকে পুলিশের ওপর হামলা এবং অন্যদিকে পুলিশের ভয়ে পালাতে গিয়ে যুবকের এই মৃত্যু—সব মিলিয়ে বর্তমানে বাসন্তীর কৃষ্ণনগর গ্রামে পরিস্থিতি অত্যন্ত থমথমে।
