Abhishek Banerjee DJ Verdict: কবে যাবেন ভয়েস টেস্ট দিতে? ডিজে মামলায় কলকাতা হাইকোর্টে চরম তিরস্কৃত অভিষেক
কিউ ইন্ডিয়া বাংলা,কলকাতা- ডিজে মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তীব্র ভর্ৎসনা কলকাতা হাইকোর্টের। এই মামলায় ভয়েস টেস্ট দিতে নির্দেশ আদালতের। একইসঙ্গে হাইকোর্ট স্পষ্ট করে দিয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোনরকম গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা যাবে না। ১৫ জুলাই বেলা বারোটায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভয়েস স্যাম্পল টেস্টের জন্য হাজিরা দিতে হবে। বিচারপতি সৌগত ভট্টাচার্যের কড়া নির্দেশ পুলিশ আগে থেকে ব্যবস্থা নেবে যাতে অভিষেকের উপর ডিম ছোঁড়া না হয়।
প্রসঙ্গত, বিধাননগর সাইবার থানার মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ১৫ জুলাই বিধাননগর এসিজেএম আদালতে ভয়েস স্যাম্পেল দিতে যেতে নির্দেশ দেয়। নিম্ন আদালতের নির্দেশ অমান্য করায় হাইকোর্টের তিরস্কার জুটল অভিষেকের। শুক্রবার শুনানি চলাকালীন বিচারপতি সৌগত ভট্টাচার্যের মন্তব্য, ” আপনি ভয়েস টেস্ট দিতে কবে যাবেন? আমি আপনাকে সুরক্ষাকবচ দিয়েছি। তদন্তে সহযোগিতা করতে নির্দেশ দিয়েছিলাম। আপনারা এই আবেদন প্রত্যাহার করবেন নাকি সেটা বলুন। না হলে আমি আমার পুরনো নির্দেশ ফের পুনর্বিবেচনা করবো। বিধাননগর ম্যাজিস্ট্রেটের নির্দেশের বিরুদ্ধে নতুন করে কোন নির্দেশ দেব না। আমি ২১ মে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সামগ্রিক সুরক্ষাকবচ দিয়েছিলাম। তিনি তদন্তে সহযোগিতা করতে বাধ্য। তাকে ভয়েস টেস্ট দিতে যাওয়ার নির্দেশ দেওয়ার সত্ত্বেও তিনি একটা এজলাস থেকে আর একটা এজলাসে এর বিরুদ্ধে আবেদন করে যাচ্ছেন।”
বিচারপতির তিরস্কারের প্রেক্ষিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী অয়ন ভট্টাচার্য বলেন, ” আমরা এই আবেদন প্রত্যাহার করে নিচ্ছি। কিন্তু ডিম ছোড়ার বিরুদ্ধে আমাকে সুরক্ষাকবচ দেওয়া হোক। ”
বিচারপতি সৌগত ভট্টাচার্য তীব্র ক্ষোভ প্রকাশ করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীর উদ্দেশ্যে বলেন, “২৮ জুলাই পর্যন্ত আমিই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রক্ষাকবচ দিয়েছি। তারপর ফের সেই নির্দেশের বিরুদ্ধেই আমি এই আবেদন শুনব? ২৮ জুলাইয়ের শুনানির সময় আপনি আবেদন করতে পারেন। কিন্তু এখন তাকে সুরক্ষাকবচ দেওয়া রয়েছে। আপনি ভয়েস টেস্ট দিতে যাননি সেটা আমার নির্দেশের বিরুদ্ধে নয়?”
আইনজীবী অয়ন ভট্টাচার্যের আদালতকে বলেন “আপনার নির্দেশ মত অভিষেক নোটিসে হাজিরা দিয়েছে। কিন্তু নিম্ন আদালতে গেলেই গায়ে ডিম ছুড়ে মারা হচ্ছে। এতে সুরক্ষার নির্দেশ দিক আদালত। আমরা আবেদন প্রত্যাহার করে দিচ্ছি।”
বিচারপতি ভট্টাচার্য বলেন, ” তার জন্য আপনাকে আগের নির্দেশের পুনর্বিবেচনা চেয়ে আবেদন করা উচিত ছিল। আমি মৌখিক ভাবে রাজ্যের পিপি (পাবলিক প্রসিকিউটর) এডিশনাল অ্যাডভোকেট জেনারেলকে বলছি তারা যেন এই বিষয়ে পুলিশকে প্রয়োজনীয় পদক্ষেপ করতে।” রাজ্যের এডিশনাল অ্যাডভোকেট রাজদীপ মজুমদার আদালতে সওয়ালে বলেন, ” কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির বেঞ্চ কয়েকদিন আগেই একটি জনস্বার্থ মামলার পরিপ্রেক্ষিতে পুলিশকে ডিম ছোড়া বন্ধ করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছে। ” এরপরই অভিষেক বন্দ্যোপাধ্যায় আইনজীবী মামলা প্রত্যাহার করে নেন।
