আজকের দিনেতিলোত্তমাবাংলার আয়নারাজনীতিসুস্থ থাকুন

Sebashray : সেবাশ্রয় প্রকল্প নিয়ে বিতর্ক, শিশুর হাত বাদ যাওয়ার অভিযোগে অভিষেকের নামে থানায় মামলা !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, নিজস্ব প্রতিনিধি:- তৃণমূলের ফ্ল্যাগশিপ প্রকল্প ‘সেবাশ্রয়’কে ঘিরে এবার গুরুতর অভিযোগ। দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর থানায় দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে FIR দায়ের করল এক শিশুর পরিবার। অভিযোগ, প্রতিশ্রুতি মতো চিকিৎসা না মেলায় শিশুর একটি হাত বাদ দিতে হয়েছে।

অভিযোগকারীদের বক্তব্য অনুযায়ী, শিশুটি দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিল। প্রাথমিকভাবে দিল্লির এইমসে তার চিকিৎসা চলছিল। সেই সময় রাজ্যের ‘সেবাশ্রয়’ প্রকল্পের প্রতিনিধিরা পরিবারের সঙ্গে যোগাযোগ করেন। তাদের জানানো হয়, রাজ্যের এই প্রকল্পের মাধ্যমে আরও উন্নত এবং বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করে দেওয়া হবে।

এই আশ্বাস পাওয়ার পরেই পরিবার এইমসের চিকিৎসা ছেড়ে দেয়। এরপর শুরু হয় একের পর এক হাসপাতাল এবং অফিসে দৌড়ঝাঁপ। পরিবারের অভিযোগ, মাসের পর মাস তাদের বিভিন্ন জায়গায় ঘোরানো হয়েছে। এই সময়ের মধ্যেই নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও তাদের দেখা করানো হয়। সেখানেও শিশুর চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছিল বলে দাবি।

কিন্তু অভিযোগ, বারবার প্রতিশ্রুতি মিললেও সময়মতো চিকিৎসা শুরু হয়নি। এর ফলে শিশুর আক্রান্ত হাতে ইনফেকশন ছড়িয়ে পড়ে এবং অবস্থার দ্রুত অবনতি ঘটে। শেষে আর কোনও উপায় না দেখে পরিবার নিজেদের উদ্যোগে দক্ষিণ ভারতের একটি বেসরকারি হাসপাতালে শিশুটিকে নিয়ে যায়। সেখানকার চিকিৎসকরা জানান, অনেক দেরি হয়ে গেছে। বাঁচানোর আর কোনও রাস্তা নেই। অগত্যা অস্ত্রোপচার করে শিশুর একটি হাত কেটে বাদ দিতে হয়।

এই ঘটনার পর মানসিকভাবে ভেঙে পড়ে পরিবার। প্রতারণা এবং গাফিলতির অভিযোগ এনে তারা বিষ্ণুপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। এফআইআরে নাম রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ অজ্ঞাতপরিচয় আরও কয়েকজনের।

এই অভিযোগের বিষয়ে এখনও পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায় বা তৃণমূলের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি। ঘটনার পর থেকেই ‘সেবাশ্রয়’ প্রকল্পের স্বচ্ছতা এবং কাজের পদ্ধতি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে বিরোধীদের তরফে। পুলিশ সূত্রে খবর, অভিযোগের ভিত্তিতে প্রাথমিক তদন্ত শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *