‘যুবরাজের জন্যই জেলযাত্রা’, বিস্ফোরক অনুব্রত! তৃণমূলের ভবিষ্যৎ নিয়েও কড়া মন্তব্য
কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা:- তৃণমূল কংগ্রেসের অন্দরের রাজনৈতিক সমীকরণ নিয়ে ফের জল্পনা বাড়ালেন বীরভূমের প্রাক্তন জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। এর আগেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তৃণমূলে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন। বুধবার বিধানসভায় উপস্থিত হওয়ার পর গোলপার্কে আয়োজিত ঋত-তৃণমূলের বৈঠকেও যোগ দেন অনুব্রত। তবে বৈঠকে অংশ নেওয়ার আগে তাঁর মুখে শোনা যায় একাধিক বিস্ফোরক মন্তব্য, যা ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে চর্চা শুরু হয়েছে।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে অনুব্রত মণ্ডল দাবি করেন, তাঁর জেলে যাওয়ার পিছনে দলেরই এক শীর্ষ নেতার ভূমিকা ছিল। নাম না করে তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে বলেন, “যুবরাজের জন্যই আমাকে জেলে যেতে হয়েছে।” এই মন্তব্য প্রকাশ্যে আসতেই তা নিয়ে রাজনৈতিক অন্দরে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে।
এতেই থেমে থাকেননি অনুব্রত। তিনি আরও দাবি করেন, আগামী দিনে তৃণমূল কংগ্রেসে আর কেউ থাকবে না। তাঁর এই মন্তব্যকে ঘিরে দলের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও অনুব্রতের এই দাবির বিষয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এখনও কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া সামনে আসেনি। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, অনুব্রত মণ্ডলের সাম্প্রতিক মন্তব্য রাজ্যের শাসক দলের অন্দরের সম্পর্ক ও ভবিষ্যৎ রাজনৈতিক সমীকরণ নিয়ে নতুন করে বিতর্কের জন্ম দিতে পারে।
