Weather : রবিবারও ভিজবে বাংলা, কলকাতা সহ ৭ জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা !
কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- সপ্তাহের শুরুটা বৃষ্টিতেই। ২৬ জুলাই, রবিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। কোথাও কোথাও ভারী বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সম্ভাবনা। এই কারণে কয়েকটি জেলায় জারি হয়েছে হলুদ সতর্কতা।
কলকাতা ও আশপাশের এলাকায় আগামী ২৪ ঘণ্টায় আকাশ সাধারণত মেঘলা থাকবে। কয়েক দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। সর্বোচ্চ তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে। গত ২৪ ঘণ্টায় শহরে ৯.৬ মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে।
দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়ার এক-দুই জায়গায় ৭ থেকে ১ সেন্টিমিটার পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে। এই ৫ জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনার কিছু অংশে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
উত্তরবঙ্গের সব জেলাতেই অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। তবে জলপাইগুড়ি এবং কালিম্পং-এর এক-দুই জায়গায় ৭ থেকে ১১ সেন্টিমিটার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
টানা বৃষ্টির কারণে নিচু এলাকায় জল জমার আশঙ্কা রয়েছে। আবহাওয়া দফতর হলুদ সতর্কতা থাকা জেলাগুলিতে সতর্ক থাকতে বলেছে। রাস্তায় বেরোনোর সময় ছাতা সঙ্গে রাখার পরামর্শ দেওয়া হয়েছে। বর্ষার এই দফায় রাজ্যজুড়ে বৃষ্টি স্বাভাবিকের থেকে বেশি থাকতে পারে বলে জানিয়েছে IMD।
