আজকের দিনেতিলোত্তমাবাংলার আয়না

WB Govt.-DA : বাজেটেই বকেয়া DA-র ঘোষণা? আশায় বুক বাঁধছেন সরকারি কর্মচারীরা !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা – শপথের ১১ দিনের মাথায় সপ্তম বেতন কমিশন গঠনে সবুজ সঙ্কেত। আর আজ প্রথম বাজেটেই সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণার ইঙ্গিত। DA ও বেতন কমিশন নিয়ে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তের বাজেট প্রস্তাবের দিকে তাকিয়ে লক্ষ লক্ষ কর্মী। ‘ভরসা আছে’, বলছেন সংগ্রামী যৌথ মঞ্চের ভাস্কর ঘোষ।

রাজ্যের নতুন সরকারের শপথ গ্রহণের পর এবার ‘সংকল্প’ পূরণের পালা। মন্ত্রিসভা ইতিমধ্যেই সপ্তম বেতন কমিশন গঠনে সায় দিয়েছে। সূত্রের খবর, সোমবার বিধানসভায় বাজেট পেশের সময় সরকারি কর্মচারীদের DA নিয়ে বড় ঘোষণা করতে চলেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। কী সেই ঘোষণা, তা নিয়ে জল্পনা তুঙ্গে।

কেন্দ্রীয় হারে DA-র দাবিতে দীর্ঘদিন আন্দোলন চালিয়ে যাওয়া সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ জানান, “DA-র বিষয়টি নিয়ে বলা হয়েছিল যে, বর্তমানে DA-র যে ৪২ শতাংশ বকেয়া, তার বড় অংশ মিটিয়ে দেওয়া হবে। আমাদের ভরসা আছে। আশা করি প্রতিশ্রুতি মতো AICPI অনুযায়ীই মহার্ঘভাতা মিলবে। সেটা দিতে হলে ৪২ শতাংশ যত দ্রুত সম্ভব মেটানো প্রয়োজন।” নতুন সরকারের দৃষ্টিভঙ্গি নিয়ে আস্থা প্রকাশ করে তিনি আরও বলেন, “অনেকেই বলছেন পথে নামার সময় হয়েছে। আমরা সেটা মনে করছি না। আমরা অধীর আগ্রহে বাজেটের দিকে তাকিয়ে আছি।”

অন্যদিকে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় দাবি করেন, “১ জুন ২০২৬-এ মুখ্যমন্ত্রী নিজে বলেছিলেন, ‘বিগত সরকার চিরকুটে যে DA ছুড়ে মেরেছে, সেটা আমরা করব না। ২২ জুন বাজেটে আপনাদের একটা গুড নিউজ দিতে চাই’। বেতন কমিশন গঠন করতে হলে আমাদের ৪২ শতাংশ মহার্ঘভাতা বাকি আছে। অর্থাৎ ১৮ শতাংশ দিয়েছে, ৪২ শতাংশ বাকি। আমাদের দাবি, মুখ্যমন্ত্রী ৪২ শতাংশ DA-টাই ঘোষণা করে দিন।”

নিয়ম অনুযায়ী, সপ্তম বেতন কমিশনে নতুন বেতন কাঠামো ঘোষণার আগে কেন্দ্র-রাজ্য DA-র মধ্যে সমতা আনতে হবে। সেক্ষেত্রে মিটিয়ে দিতে হবে বকেয়া ৪২ শতাংশ।

বদলের বাংলায় বিজেপি সরকারের প্রথম বাজেট। সপ্তম বেতন কমিশন গঠনের পর DA নিয়ে কী দিশা দেখান অর্থমন্ত্রী, তার উত্তর মিলবে সোমবার দুপুরে। বকেয়া ৪২% মহার্ঘভাতা এক ধাক্কায় মিটিয়ে দেবে সরকার, নাকি ধাপে ধাপে— সেদিকেই নজর রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মীর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *