আজকের দিনেখেলাবিশ্বভারত

Women Cricket T-20 : কাপ-ঝড়ে লন্ডভন্ড ভারত, প্রোটিয়াদের কাছে হেরে সেমির অঙ্ক জটিল হরমনপ্রীতদের !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, ওল্ড ট্রাফোর্ড :- টানা দুই জয়ের পরই ছন্দপতন। মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার কাছে ৬ উইকেটে হারল ভারত। ব্যাটিং-বোলিং দু’বিভাগেই ব্যর্থ হরমনপ্রীতরা। মারিজান কাপের বিধ্বংসী ৮১* রানের ইনিংসে বদলা নিল প্রোটিয়ারা। এই হারে সেমিফাইনালের রাস্তা কঠিন হল ভারতের।

ওল্ড ট্র্যাফোর্ডে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক হরমনপ্রীত কৌর। এদিন তিনি ভারতের হয়ে ২০০তম টি-টোয়েন্টি ম্যাচ খেলে ইতিহাস গড়েন। বিরাট কোহলি, রোহিত শর্মাদেরও যে মাইলস্টোন নেই। কিন্তু রেকর্ডের দিনে ব্যাট হাতে দলকে ভরসা দিতে পারলেন না কেউই।

শেফালি বর্মা শুরুতেই শাবনিম ইসমাইলের ওভারে ১৪ রান তুলে ঝড়ের ইঙ্গিত দেন। কিন্তু স্মৃতি মন্ধানা ১৭ রানে ফিরতেই চাপে পড়ে ভারত। শেফালি ১৫ বলে ৩১ রান করে আউট হন। এরপর যস্তিকা ভাটিয়া ১৫, জেমাইমা রডরিগেজ ১২ রানে ফেরেন। হরমনপ্রীত ২৪ ও দীপ্তি ২৯ রান করলেও স্ট্রাইক রেট ছিল খুবই ধীর। রিচা ঘোষও এদিন ঝড় তুলতে ব্যর্থ। শেষমেশ ২০ ওভারে ৬ উইকেটে ১৫৮ রানে থামে ভারতের ইনিংস।

১৫৯ রান তাড়া করতে নেমে শুরুতে চাপে ছিল দক্ষিণ আফ্রিকাও। অধিনায়ক লরা উলফার্টকে বেঁধে রাখেন শেফালি, নন্দনী শর্মারা। এরপর আক্রমণে এসে একই ওভারে লরা ও অ্যানেরি ডেরকসেনকে ফিরিয়ে ম্যাচ ভারতের দিকে ঘোরান শ্রীচরণি।

কিন্তু সেই সুবিধা ধরে রাখতে পারেননি অরুন্ধতী রেড্ডি, দীপ্তি শর্মারা। দেদার রান বিলোন তাঁরা। বোলিংয়ে ২ উইকেট নেওয়ার পর ব্যাট হাতে তাণ্ডব চালান মারিজান কাপ। তাজমিন ব্রিটসকে সঙ্গে নিয়ে ১২৩ রানের ম্যাচ জেতানো জুটি গড়েন তিনি। তাজমিন ৪০ রানে ফিরলেও থামানো যায়নি কাপকে।

ফিল্ডিংয়েও চূড়ান্ত হতাশ করল ভারত। তিনটি সহজ ক্যাচ ফস্কায় হরমনপ্রীতরা। শেষ দিকে ম্যাচ টানটান জায়গায় গেলেও ১৯তম ওভারে দীপ্তির বলে ১৬ রান নিয়ে ম্যাচ প্রোটিয়াদের পকেটে পুরে দেন কাপ। ৪৫ বলে ৮১ রানে অপরাজিত থাকেন তিনি। মারেন ৭টা চার ও ৪টে ছক্কা। ৫ বল বাকি থাকতেই ৬ উইকেটে ম্যাচ জিতে নেয় দক্ষিণ আফ্রিকা।

গতবছর ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে প্রোটিয়াদের হারিয়েছিল ভারত। এদিন কাপের ব্যাটে তারই বদলা নিল দক্ষিণ আফ্রিকা।

এই হারের পর এ গ্রুপে ৩ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ভারত। নেট রান রেট +২.৫১১। সমসংখ্যক পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে দক্ষিণ আফ্রিকা -০.৫৪৬ ও চতুর্থ স্থানে বাংলাদেশ -০.৬৪১। সেমিতে যেতে হলে পরের দুই ম্যাচ বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জিততেই হবে হরমনপ্রীতদের। সঙ্গে তাকিয়ে থাকতে হবে অন্য ম্যাচের ফলের দিকেও। একটা হারেই সেমির অঙ্ক জটিল করে ফেলল টিম ইন্ডিয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *