গঙ্গাবক্ষে ‘ওয়াটার মেট্রো’র পরিকল্পনা, নবান্নে সবুজ সংকেত
কিই ইন্ডিয়া বাংলা :- দেশের মধ্যে প্রথম নদীর তলা দিয়ে মেট্রো চলার নজির গড়েছে কলকাতা। গঙ্গার তলা দিয়ে ছুটছে ইস্ট-ওয়েস্ট মেট্রো, প্রতিদিন হাজার হাজার যাত্রীকে দ্রুত গন্তব্যে পৌঁছে দিচ্ছে। আর এবার সেই সাফল্যের ধারাবাহিকতায় গঙ্গাবক্ষে চালু হতে চলেছে ‘ওয়াটার মেট্রো’ এমনই পরিকল্পনা রাজ্য সরকারের।
নবান্ন সূত্রে খবর, ইতিমধ্যেই এ বিষয়ে প্রাথমিক সবুজ সংকেত মিলেছে। আগামী সপ্তাহে কলকাতা পুরসভা-য় একটি গুরুত্বপূর্ণ বৈঠক হওয়ার কথা রয়েছে। সেখানে উপস্থিত থাকবেন কোচি ওয়াটার মেট্রো-র এক প্রতিনিধি দল। কীভাবে গোটা প্রকল্প বাস্তবায়িত হবে, তার রূপরেখা ও প্রযুক্তিগত দিকগুলি নিয়ে প্রেজেন্টেশন দেওয়ার কথা তাদের।
উল্লেখ্য, কোচি ওয়াটার মেট্রো ভারতের প্রথম এবং এশিয়ার বৃহত্তম সমন্বিত ফেরি-ভিত্তিক গণপরিবহণ ব্যবস্থা। এটি কেরলের কোচি শহরের ১০টি দ্বীপকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করেছে। সেখানে অত্যাধুনিক ব্যাটারি-চালিত বৈদ্যুতিক হাইব্রিড বোট ব্যবহার করা হয়, যা সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত এবং পরিবেশবান্ধব। ব্যাটারি ও ডিজেল জেনারেটরের সমন্বয়ে চলা এই নৌযান দ্রুত ও স্বাচ্ছন্দ্যময় যাত্রা নিশ্চিত করে।
সূত্রের খবর, কলকাতাতেও একই ধরনের ব্যাটারি-চালিত বৈদ্যুতিক হাইব্রিড বোট নামানোর ভাবনা রয়েছে। এতে একদিকে যেমন পরিবেশ দূষণ কমবে, তেমনই শহরের রাস্তায় যানজট অনেকটাই হ্রাস পেতে পারে বলে মনে করা হচ্ছে।
শুধু ওয়াটার মেট্রোই নয়, ইতিমধ্যেই বিশ্বব্যাঙ্কের আর্থিক সহায়তায় গঙ্গাপারের অবকাঠামো ঢেলে সাজানো হয়েছে। প্রায় ৫০টি জেটিকে আধুনিক রূপ দেওয়া হয়েছে। আড়াইশো কোটি টাকা ব্যয়ে ১৩টি ই-ভেসেল নামানো হচ্ছে গঙ্গায়। পাশাপাশি আরও ২২টি ভেসেল তৈরি হয়ে গিয়েছে, যেগুলি শীঘ্রই পরিষেবায় যুক্ত হবে। বসানো হয়েছে স্মার্ট কার্ড গেটও। ফলে জলপথ পরিবহণকে একটি সমন্বিত, আধুনিক ও প্রযুক্তিনির্ভর ব্যবস্থায় রূপ দেওয়ার পরিকল্পনা স্পষ্ট।
নবান্নের এক কর্তার কথায়, প্রকল্পটি এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। আগামী সপ্তাহের বৈঠকের পরই গাইডলাইন, খরচ, নৌযানের ধরন এবং রুট সংক্রান্ত বিষয়ে আরও স্পষ্ট ধারণা মিলবে। যদিও অর্থ দপ্তরের প্রাথমিক ছাড়পত্র ইতিমধ্যেই মিলেছে বলে সূত্রের দাবি।
সব মিলিয়ে, নদীকেন্দ্রিক পরিবহণ ব্যবস্থায় নতুন দিগন্ত খুলতে চলেছে কলকাতা। নদীর তলা দিয়ে মেট্রোর পর এবার নদীর বুকেও ‘মেট্রো’ এমন সম্ভাবনাই এখন দেখা যাচ্ছে।
