আজকের দিনেগ্রীন রুম

‘দাদাগিরি’র পর এবার ডাবল ধামাকা! একসঙ্গে দুটি মেগা রিয়্যালিটি শো-এর সঞ্চালনায় সৌরভ গঙ্গোপাধ্যায়

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, বিনোদন ডেস্ক :- ক্রিকেট মাঠের পর টেলিভিশনের পর্দাতেও তিনি ‘মহারাজ’। সৌরভ গঙ্গোপাধ্যায় মানেই দর্শকদের কাছে এক আলাদা উন্মাদনা। দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে ‘দাদাগিরি’র সঞ্চালনার মাধ্যমে বাংলার ঘরে ঘরে মন জয় করেছেন তিনি। এবার সেই চেনা অভিজ্ঞতাকে সঙ্গী করেই ওটিটি এবং ছোটপর্দায় এক মস্ত বড় ইনিংস শুরু করতে চলেছেন দাদা। একাধারে বহু প্রতীক্ষিত ‘বিগ বস বাংলা’-এর ডিজিটাল সংস্করণের (OTT) সঞ্চালক, অন্যদিকে স্টার জলসার এক আন্তর্জাতিক মানের মেগা কুইজ শো-এর মুখ— একসঙ্গে দুই বড় দায়িত্বে দেখা যাবে তাঁকে।

নিজেই সুখবর দিলেন ‘মহারাজ’

সম্প্রতি ‘ইউনাইটেড নিউজ অফ ইন্ডিয়া’ -কে দেওয়া একটি বিশেষ সাক্ষাৎকারে নিজের এই নতুন প্রজেক্ট নিয়ে মুখ খুলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায় নিজেই। তিনি স্পষ্ট জানান, আগামী দিনে টেলিভিশনে এক অন্য অবতারে এবং একসঙ্গে দুটি ভিন্ন স্বাদের বড় প্রজেক্টে দেখা যাবে তাঁকে।

সাক্ষাৎকারে সৌরভ বলেন, “‘বিগ বস বাংলা’-র পাশাপাশি আমি আরও একটি আন্তর্জাতিক মানের কুইজ শো নিয়ে কাজ করছি। এই কাজের জন্য স্টার-কে আমাকে প্রায় ৩৪ দিন সময় দিতে হবে। যার মধ্যে ১৫ দিন থাকবে ‘বিগ বস’-এর শুটিংয়ের জন্য এবং বাকি ১৭ দিন বরাদ্দ থাকছে নতুন এই আন্তর্জাতিক কুইজ শো-এর জন্য। খুব সম্প্রতি আন্তর্জাতিক স্তরে শো-টি লঞ্চ হয়েছে। এবার তার বাংলা সংস্করণ নিয়ে আসছে স্টার জলসা, আর সেটির সঞ্চালনার দায়িত্বে থাকব আমি।”

চ্যানেল বা সৌরভের পক্ষ থেকে এই নতুন রিয়্যালিটি শো-এর নাম এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা না হলেও, স্টুডিও পাড়ায় জল্পনা এখন তুঙ্গে। ইন্ডাস্ট্রির ভেতরের খবর, সম্প্রতি স্টার প্লাসে বলিউড অভিনেতা অনিল কাপুরের সঞ্চালনায় তুমুল জনপ্রিয় হওয়া আন্তর্জাতিক কুইজ শো ‘India’s Top 1%’-এর বাংলা সংস্করণই নিয়ে আসা হচ্ছে স্টার জলসায়। আর এই মেগা শো-এর ভরসাযোগ্য মুখ হিসেবে সৌরভ গঙ্গোপাধ্যায়ের চেয়ে ভালো বিকল্প আর কে-ই বা হতে পারে! তবে চ্যানেল কর্তৃপক্ষ এখনও এই বিষয়ে চূড়ান্ত সিলমোহর দেয়নি।

‘দাদা’-র নতুন ইনিংসে দর্শকদের উত্তেজনা তুঙ্গে

কিছুদিন আগেই ওটিটি প্ল্যাটফর্মে ‘বিগ বস বাংলা’র সঞ্চালক হিসেবে সৌরভের নাম সামনে আসতেই হইচই পড়ে গিয়েছিল নেটপাড়ায়। এবার সেই তালিকায় নতুন কুইজ শো-এর সংযোজন দর্শকদের উত্তেজনাকে দ্বিগুণ করে দিল। স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে, আগামী দিনে ক্রিকেট ধারাভাষ্য বা সিএবি-র কাজের বাইরে বিনোদন জগতেও অনেকটা বেশি সময় দেবেন মহারাজ।

ক্রিকেট মাঠে অধিনায়ক হিসেবে যেমন তিনি ভারতীয় ক্রিকেটকে বদলে দিয়েছিলেন, ঠিক তেমনই টেলিভিশনের মঞ্চেও সঞ্চালক হিসেবে নিজের একচেটিয়া পরিচিতি তৈরি করেছেন। ‘দাদাগিরি’র দীর্ঘ সাফল্যের পর এবার একসঙ্গে দুটি ভিন্ন ঘরানার মেগা রিয়্যালিটি শো-এর দায়িত্ব কাঁধে নিয়ে নতুন চ্যালেঞ্জের মুখোমুখি ডোনা-র স্বামী। এখন দেখার, সৌরভের এই নতুন টেলিভিশন ইনিংস দর্শকদের কতটা বিনোদন দিতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *