আজকের দিনেবাংলার আয়না

কংগ্রেসের মিছিলে গিয়ে ‘অশুচি’! এক বালতি দুধে স্নান করে ‘শুদ্ধ’ হয়ে তৃণমূলে যোগদান যুবকের

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, মুর্শিদাবাদ: ভোটের মরসুমে দলবদল নতুন কোনো ঘটনা নয়। কিন্তু কংগ্রেস ছেড়ে ঘাসফুল শিবিরে যোগ দেওয়ার আগে এক বালতি দুধে স্নান করে ‘পবিত্র’ হওয়ার এমন নজিরবিহীন ঘটনা বোধহয় আগে কখনও দেখেনি বাংলা। বুধবার সন্ধ্যায় মুর্শিদাবাদের রানীনগর থানার ডেপুটিপাড়া পানিপিয়া গ্রামে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে। যা ঘিরে এখন তোলপাড় জেলার রাজনৈতিক মহল।
​ঘটনার প্রেক্ষাপট: টাকার বিনিময়ে মিছিলে ডাক?
​স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার পানিপিয়া গ্রামে কংগ্রেসের একটি বাইক মিছিল ছিল। সেই মিছিলে যোগ দিয়েছিলেন এলাকার বেশ কয়েকজন যুবক। কিন্তু মিছিল শেষ হতেই শুরু হয় চরম নাটক। যুবকদের অভিযোগ, ৫০০ টাকা এবং বাইকের তেলের প্রলোভন দেখিয়ে তাঁদের মিছিলে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু কর্মসূচি শেষে সেই প্রতিশ্রুতি পূরণ করেনি স্থানীয় কংগ্রেস নেতৃত্ব। প্রতারিত হয়েছেন বুঝতে পেরে ক্ষোভে ফেটে পড়েন মামুন শেখ-সহ বেশ কয়েকজন যুবক। তড়িঘড়ি তাঁরা সিদ্ধান্ত নেন কংগ্রেসের সঙ্গে সব সম্পর্ক চুকিয়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার।
​দুধে স্নান করে ‘শুদ্ধি’
​তবে স্রেফ যোগদান নয়, তার আগে এক অদ্ভুত কাণ্ড ঘটান মামুন শেখ। রানীনগর-১ নম্বর ব্লকের তৃণমূল অঞ্চল সভাপতি রফিকুল ইসলামের উপস্থিতিতে তিনি এক বালতি দুধ আনেন এবং প্রকাশ্যে সেই দুধে স্নান করেন। মামুনের দাবি, কংগ্রেসের মিছিলে গিয়ে তিনি ‘অশুচি’ বা অপবিত্র হয়ে গিয়েছিলেন। তাই নিজেকে পবিত্র করতেই এই দুধে স্নান। মামুন শেখ বলেন, “টাকা আর তেলের লোভ দেখিয়ে আমাদের নিয়ে গিয়েছিল। কিন্তু কিছুই দেয়নি। তাই পবিত্র হতে এক বালতি দুধে স্নান করে শুদ্ধ হয়ে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিচ্ছি।”
​রাজনৈতিক চাপানউতোর
​এই ঘটনা নিয়ে শুরু হয়েছে শাসক-বিরোধী তরজা।
​তৃণমূলের দাবি: স্থানীয় তৃণমূল নেতৃত্বের মতে, বিরোধীরা যে কেবল প্রলোভনের রাজনীতি করে, এই ঘটনাটি তারই বহিঃপ্রকাশ। মানুষের মনে জমে থাকা রাজনৈতিক ক্ষোভ থেকেই এমন কাজ করেছেন ওই যুবক।
কংগ্রেসের পাল্টা দাবি: রানীনগর-২ ব্লকের কংগ্রেস নেতা মিজান হাসান এই অভিযোগ উড়িয়ে দিয়ে জানিয়েছেন, কাউকে প্রলোভন দেখিয়ে মিছিলে আনা হয়নি। উল্টে কংগ্রেসে সাধারণ মানুষের যোগদান দেখে ভয় পেয়ে তৃণমূল এই ধরণের নাটক সাজিয়েছে। ​প্রথম দফার ভোটের (২৩ এপ্রিল) আগে যখন উত্তাপ বাড়ছে মুর্শিদাবাদে, তখন এই ‘দুধে স্নান’ করে দলবদলের ঘটনা লোকমুখে চর্চার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *