Uncategorized

JIBANTALA : জীবনতলায় পুলিশের জালে ওয়ান্টেড দুই তৃণমূল নেতা গ্রেফতার, উদ্ধার আগ্নেয়াস্ত্র ও কার্তুজ

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, নিজস্ব প্রতিনিধি:- দক্ষিণ ২৪ পরগনার জীবনতলা থানার  (JIBANTALA)পুলিশের অভিযানে বড় সাফল্য মিলেছে। গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে খাগড়া গ্রামে অভিযান চালিয়ে দীর্ঘদিন ধরে পলাতক থাকা তৃণমূল নেতা সুবিদ আলি ঢালি ওরফে ঝড়ো ঢালি এবং তার সহযোগী মনিরুল পইলানকে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃতরা জানায় যে এলাকায় প্রভাব বিস্তার এবং আতঙ্কের পরিবেশ তৈরি করার উদ্দেশ্যে তারা অবৈধ আগ্নেয়াস্ত্র লুকিয়ে রেখেছিল। এরপর তাদের দেখানো জায়গায় তল্লাশি চালিয়ে বাড়ির চত্বরে দুটি আলাদা গোপন স্থান থেকে দুটি দেশি আগ্নেয়াস্ত্র এবং দুটি তাজা কার্তুজ উদ্ধার করা হয়।

তদন্তকারী আধিকারিকদের মতে, উদ্ধার হওয়া অস্ত্র ও কার্তুজের কোনও বৈধ লাইসেন্স বা প্রয়োজনীয় নথি অভিযুক্তরা দেখাতে পারেনি। এরপর সমস্ত আইনি প্রক্রিয়া মেনে এবং ভিডিওগ্রাফির মাধ্যমে উদ্ধার হওয়া সামগ্রী বাজেয়াপ্ত করা হয়।

এই ঘটনায় জীবনতলা (JIBANTALA)  থানায় আর্মস অ্যাক্টে সুয়ো মোটো মামলা দায়ের করা হয়েছে। ধৃত দুই অভিযুক্তকে পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে আদালতে তোলা হচ্ছে। এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না এবং অস্ত্রগুলি কোথা থেকে সংগ্রহ করা হয়েছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *