Iran-America Conflict: ইরানে পাঁচ সেতু লক্ষ্য করে মার্কিন হামলা, মৃত কমপক্ষে ৮
কিউ ইন্ডিয়া বাংলা- ইরানের ৫ সেতু ও বিভিন্ন শহরে মার্কিন হামলা। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী আট জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। টানা ষষ্ঠ রাতের হামলায় মার্কিন বাহিনী দক্ষিণ ও দক্ষিণ–পূর্ব ইরানের পাঁচটি সেতু ও একাধিক শহরে হামলা চালিয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে বিমান ও ক্ষেপনাস্ত্র খবর দিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম।
বন্দর আব্বাস, বন্দর খামির, কেশম দ্বীপ, সিরিক ও ইরানশহরসহ একাধিক স্থানে হামলায় আটজন নিহতসহ আহত হয়েছেন আরও অনেকেই। শুক্রবার ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি জানিয়েছে, দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী বান্দার আব্বাস–এর একটি আবাসিক এলাকায় হামলায় একজন নিহত এবং আটজন আহত হয়েছেন। আরও একটি মার্কিন হামলায় হরমোজগান প্রদেশের বন্দর খামিরের কাছে দুটি সেতুতে আঘাত হানা হয়। এতে সাতজন নিহত এবং নয়জন আহত হন। জানা গেছে, কেশম দ্বীপের দক্ষিণ উপকূলে চারটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। অন্যদিকে আধা–সরকারি তাসনিম নিউজ এজেন্সি জানায়, হরমোজগান প্রদেশের সিরিক এলাকাতেও একটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
তাসনিমের খবরে বলা হয়, বন্দর আব্বাস–শিরাজ সেতু, যা বন্দর খামিরের কাছে অবস্থিত, সেটিও হামলার লক্ষ্যবস্তু ছিল। এর ফলে এলাকায় বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হয়েছে।
ইরানি সংবাদমাধ্যম সূত্রে খবর, বন্দর আব্বাসের পশ্চিমে তিনটি এবং দক্ষিণাঞ্চলীয় শহর বুশেহর–এ দুটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। স্থানীয় সংবাদমাধ্যম জানাচ্ছে, দক্ষিণ–পূর্ব ইরানের ইরানশাহর বিমানবন্দরের কাছেও একটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এছাড়া, মেহর খুজেস্তান প্রদেশের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা বিষয়ক উপ–গভর্নরের বরাত দিয়ে জানায়, দক্ষিণ–পশ্চিমাঞ্চলীয় শহর আহভাজ–এর আশপাশের এলাকাগুলোও মার্কিন হামলার শিকার হয়েছে। মার্কিন হামলায় মোট পাঁচটি সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে গারিভেহ এবং কাহুরেস্তান সেতুও রয়েছে, যেগুলো ইরানের অভ্যন্তরীণ রসদ পরিবহন ও সামরিক চলাচলের জন্য গুরুত্বপূর্ণ। এদিকে, ইরানি সেনাবাহিনীর জনসংযোগ বিভাগ জানিয়েছে, তারা কুয়েতে মার্কিন সেনাবাহিনীর মোতায়েনকৃত বাহিনী ও রসদ সহায়তা কেন্দ্রগুলোকে লক্ষ্য করে হামলা চালিয়েছে।
