আজকের দিনেভারত

ঘাতক ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল উদীয়মান ২ ক্রিকেটার ভাইয়ের

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা,নয়াদিল্লি: ক্রিকেট ছিল তাঁর ধ্যানজ্ঞান। আইপিএলের মেগা ম্যাচে গ্যালারিতে বসে প্রিয় দলের লড়াই দেখে উচ্ছ্বসিত ছিলেন। কিন্তু সেই ক্রিকেট ম্যাচ দেখে ফেরার পথই যে জীবনের শেষ পথ হবে, তা কে জানত! আইপিএলের ম্যাচ দেখে ফেরার পথে পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন ২০ বছরের তরুণ ক্রিকেটার যজ্ঞ ভাটিয়া এবং তাঁর ১৪ বছর বয়সী ভাই আভাব ভাটিয়া।

বাবার সঙ্গে ফোনে কথা বলার সময়ই বিপর্যয়

গত রাতে অরুণ জেটলি স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ম্যাচ দেখতে গিয়েছিলেন দুই ভাই। মাঠে বসে তোলা একাধিক আনন্দঘন মুহূর্তের ছবি তাঁরা সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেন। ম্যাচ শেষে বাইকে চেপে বাড়ি ফেরার সময় ঘটে সেই বিভীষিকা। বাইকের পিছনে বসে বাবা পবন ভাটিয়ার সঙ্গে ফোনে কথা বলছিল ছোট ভাই আভাব।

কথোপকথন চলাকালীন আচমকাই একটি দ্রুতগামী ট্রাক সজোরে ধাক্কা মারে তাঁদের বাইকে। বিকট শব্দে ফোনটি ছিটকে যায়। যজ্ঞদের বাবা ওপাশ থেকে বারবার ছেলেদের নাম ধরে ডাকলেও আর কোনো সাড়াশব্দ পাননি। ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই ভাইয়ের।

নেট বোলার থেকে দিল্লির উদীয়মান প্রতিভা

২০ বছর বয়সী যজ্ঞ ভাটিয়া দিল্লির ক্রিকেট মহলে পরিচিত মুখ ছিলেন। কলেজের নিয়মিত খেলোয়াড় হওয়ার পাশাপাশি তাঁর প্রতিভায় মুগ্ধ হয়ে আইপিএলে নেট বোলার হিসেবেও সুযোগ পেয়েছিলেন তিনি। ঋষভ পন্থ, বিরাট কোহলিদের মতো তারকাদের নেটে বল করার অভিজ্ঞতা ছিল তাঁর ঝুলিতে। ক্রিকেটের পাশাপাশি গানবাজনাতেও তাঁর প্রবল আগ্রহ ছিল।

অন্যদিকে, মাত্র চারদিন পরেই আভাবের ১৫তম জন্মদিন ছিল। বাড়ির ছোট ছেলের জন্মদিনের প্রস্তুতি যখন তুঙ্গে, তখনই ঘাতক ট্রাকের ধাক্কায় নিভে গেল একটি তরতাজা প্রাণ।

চালক পলাতক, ক্ষুব্ধ স্থানীয়রা

পুলিশ জানিয়েছে, ট্রাকের ধাক্কা এতটাই জোরালো ছিল যে বাইকটি শূন্যে উড়ে যায় এবং ট্রাকের চাকা দুই ভাইয়ের মাথার ওপর দিয়ে চলে যায়। দুর্ঘটনার পর ঘাতক ট্রাক নিয়ে দ্রুত চম্পট দেয় চালক। কয়েক ঘণ্টা পর পরিত্যক্ত অবস্থায় ট্রাকটি উদ্ধার করা সম্ভব হলেও চালক এখনও ফেরার।

দিল্লি পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্ত চালককে ধরার চেষ্টা চলছে। এক উদীয়মান ক্রিকেটারের এমন করুণ মৃত্যুতে দিল্লির ক্রীড়া মহলে শোকের ছায়া নেমে এসেছে। সোশ্যাল মিডিয়ায় যজ্ঞের শেষ পোস্ট করা হাসিমুখের ছবিগুলো দেখে চোখের জল ধরে রাখতে পারছেন না নেটিজেনরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *