Trinamool MLAs-NDA : ঋতব্রতর চিন্তা বাড়ালেন কেন্দ্রীয় মন্ত্রী আঠাওয়ালে! দাবি – তৃণমূলের ৩৬ বিধায়ক-৫ সাংসদ যোগাযোগ রাখছেন NDA শিবিরের সঙ্গে !
কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- কালীঘাটের তৃণমূলে ভাঙন ধরিয়ে একসময় ৬৫ জন বিধায়ককে নিজের শিবিরে টেনেছিলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। এবার সেই নব তৃণমূল শিবিরেই ভাঙনের ইঙ্গিত দিলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা NDA শরিক RPI নেতা রামদাস আঠাওয়ালে। সল্টলেকে দলের নতুন দপ্তর উদ্বোধনে এসে তাঁর বিস্ফোরক দাবি, তৃণমূলের দুই শিবির মিলিয়ে ৩৬ জন বিধায়ক এবং ৫ জন সাংসদ তাঁদের সঙ্গে যোগাযোগ রাখছেন।
সল্টলেকে RPI-এর নতুন দপ্তর উদ্বোধন করেন কেন্দ্রীয় সামাজিক ন্যায় বিচার দপ্তরের রাষ্ট্রমন্ত্রী রামদাস আঠাওয়ালে। সেখানেই তিনি দাবি করেন, “তৃণমূলের ৩৬ জন বিধায়ক আমাদের সঙ্গে যোগাযোগ রাখছেন। এর মধ্যে ৩৫ জন ঋতব্রত শিবিরের।”
শুধু বিধায়কই নন, ৫ জন তৃণমূল সাংসদও যোগাযোগ রাখছেন বলে দাবি তাঁর। নাম না করলেও তিনি জানান, ঋতব্রত শিবিরের ২ জন বিধায়ক ইতিমধ্যেই দলীয় দপ্তরে এসে দেখা করে গেছেন।
আঠাওয়ালের আরও দাবি, “সব মিলিয়ে ৩৬ জন আসবেন। আমরা আরও ১০ জন চাইছি।” তাঁর যুক্তি, ৩৬ জনের সঙ্গে আরও ১০ জন বিধায়কের সমর্থন পেলে মোট ৪৬ জন হয়ে যাবে। সেক্ষেত্রে দলত্যাগ বিরোধী আইনের কবলে পড়তে হবে না। তখন “ঋতব্রত শিবিরের ২০০-৩০ জন বিধায়ক” তাঁদের দিকে চলে আসতে পারেন।
মহারাষ্ট্রের পর এবার পশ্চিমবঙ্গে সংগঠন বিস্তারের লক্ষ্যেই এই কৌশল বলে মনে করছে রাজনৈতিক মহল। আঠাওয়ালে স্পষ্ট বলেন, “আমরা সবাই মিলে BJP-র সঙ্গে সহযোগিতা করব।”
তাঁর দাবি অনুযায়ী, যে ৫ জন সাংসদ যোগাযোগ রাখছেন তাঁদের মধ্যে লোকসভা ও রাজ্যসভা দুই কক্ষের সদস্যই রয়েছেন।
একসময় তৃণমূল ভাঙিয়ে নব তৃণমূল গড়ার কারিগর ঋতব্রতর শিবিরেই এবার ভাঙনের আশঙ্কা। কেন্দ্রীয় মন্ত্রীর এই দাবি ঘিরে জল্পনা তুঙ্গে। ৩৬ থেকে ৪৬ – এই সংখ্যাটা আদৌ পূর্ণ হয় কিনা, সেদিকেই এখন নজর রাজ্য রাজনীতির।
