আজকের দিনেখেলাতিলোত্তমাবিশ্ব

Football : কাপ শেষে ডাক ডার্বির! ৭৯০০ মাইল দূরে নিউ জার্সিতে প্রবাসের ঘটি-বাঙাল লড়াই, ইলিশ-চিংড়ি যুদ্ধের প্রহর গুনছে ‘উত্তেজনা’ !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা , স্পোর্টস ডেস্ক:- ৭৯০০ মাইল দূরের কলকাতা। আর সেখানকার ডার্বি ঘিরে খোদ নিউ জার্সিতে তৈরি হচ্ছে তুমুল উত্তেজনা। ২৫ জুলাই ডুরান্ড কাপ দিয়ে মরশুমের প্রথম ডার্বি। সেই ম্যাচ একসাথে দেখার জন্য এখন থেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছে প্রবাসী বাঙালিদের সংস্থা ‘উত্তেজনা’। ফিফা র‍্যাঙ্কিংয়ে ১৩৮ নম্বরে থাকা দেশের একটি ক্লাব ফুটবলকে ঘিরে মার্কিন মুলুকে যে এত আবেগ থাকতে পারে, তা সত্যিই চোখে না দেখলে বিশ্বাস হয় না।

নিউ জার্সির ‘উত্তেজনা’ সংস্থায় ইস্টবেঙ্গল-মোহনবাগান দুই পক্ষের সমর্থকই আছেন। প্রায় ১০০ জন লাল-হলুদ আর ২৫-৩০ জন সবুজ-মেরুন। সারা বছর একসাথে বিভিন্ন খেলার আয়োজন করলেও ডার্বির দিনে তাঁরা দুই শিবির।

এখানকার ইস্টবেঙ্গল সমর্থকরা ক্লাবের প্রতিটা খবর পুঙ্খানুপুঙ্খ রাখেন। ফ্যান ক্লাবে ক্লাবের বেশ কয়েকজন সদস্যও রয়েছেন। কলকাতায় গেলে তাঁরা সদস্য গ্যালারিতে খেলা দেখেন। আক্ষেপ একটাই, “এত দূরে থাকি বলে শুধু ক্লাবের ভোটটা দেওয়া হয় না।”

নতুন স্পনসরের জার্সি এলেই সেটা সবার কাছে বাধ্যতামূলক। ম্যাচ ডে তো বটেই, রেস্তরাঁয় খেতেও যান লাল-হলুদ জার্সি পরে। প্রবাসী সমর্থকরা বলেন, “সারাদিনের চাকরির পর আমাদের ভালোবাসা কলকাতার ফুটবল।”

৬ বছর আগে ইস্টবেঙ্গলের শতবর্ষে এখানে প্রাক্তন বিদেশি ফুটবলারদের এনে পতাকা উত্তোলন হয়েছিল। ক্লাবের টানে কেউ কেউ আবার গোয়া পর্যন্ত গিয়েছিলেন সুপার কাপ দেখতে।

ক্লাবের সঙ্গে সরাসরি যোগাযোগ না থাকলেও কলকাতায় গেলেই মাঠে বা যুবভারতীতে হাজির হতেই হবে – এটাই নিয়ম।

দেশের ফুটবল আরও এগোক, এই আক্ষেপ নিয়েও ৭৯০০ মাইল দূরে বসে তাঁরা বুকের মধ্যে লালন করেন কলকাতা ডার্বি। দূরত্ব যাই হোক, ইলিশ-চিংড়ির লড়াই আর লাল-হলুদ বনাম সবুজ-মেরুনের আবেগে এখানেও জমে ওঠে ‘উত্তেজনা’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *