আজকের দিনেবাংলার আয়না

অবশেষে গ্রেফতার ক্যানিংয়ের তৃণমূল নেতা অরিত্র বোস, এলাকায় স্বস্তি

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা,নিজস্ব প্রতিনিধি: – দীর্ঘদিনের আতঙ্কের অবসান। ক্যানিংয়ের তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি ও পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ অরিত্র বোসকে গ্রেফতার করল পুলিশ। কলকাতার মুকুন্দপুর এলাকা থেকে তাঁকে ধরা হয়েছে। গ্রেফতারির খবর ছড়াতেই স্বস্তির নিশ্বাস ফেলছেন এলাকাবাসী।

ক্যানিং ১ নম্বর ব্লকের যুব সভাপতি অরিত্র বোসের বিরুদ্ধে একাধিক অভিযোগ ছিল। ভোটের আগে এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরির অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। মাইক হাতে বিরোধীদের হুমকি, ঘরছাড়া করা, বাড়ি দখল, কার্ড মানি তোলা, মারধরের মতো ঘটনায় নাম জড়ায় অরিত্র ও তাঁর অনুগামীদের। ভোট পরবর্তী হিংসার সময় পরিস্থিতি আরও ঘোরালো হয়। এমনকি একটি রাজনৈতিক মিছিলে গুলি চালানোর ঘটনাতেও উঠে আসে অরিত্রের নাম। যদিও তিনি দাবি করেছেন, ঘটনার দিন স্ত্রীকে নিয়ে নার্সিংহোমে ছিলেন। এলাকায় ছিলেন না। অভিযোগ সামনে আসতেই গা ঢাকা দেন অরিত্র। একের পর এক জায়গায় তল্লাশি চালায় পুলিশ। শেষ পর্যন্ত মুকুন্দপুর থেকে তাঁকে গ্রেফতার করে তদন্তকারীরা। দীর্ঘদিন ধরে তাঁর দাপটে মুখ খুলতে পারেননি অনেকে, দাবি এলাকাবাসীর।

অরিত্র বোসের গ্রেফতারিতে খুশির হাওয়া ক্যানিংয়ে। বহু মানুষ বলছেন, দীর্ঘদিন পর আতঙ্কমুক্ত হওয়ার আশা দেখছেন তাঁরা। যদিও এই গ্রেফতারি নিয়ে এখনও তৃণমূল কংগ্রেসের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি। তদন্তে আর কী তথ্য উঠে আসে, এখন সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *