আজকের দিনেবাংলার আয়না

কুলতলিতে তল্লাশি, যাঁদের ঘর থেকে মিলল আগ্নেয়াস্ত্র তাঁরা কারা?

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা,নিজস্ব প্রতিনিধি:- আগ্নেয়াস্ত্র রাখার অভিযোগে কুলতলি থেকে দু’জনকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের মধ্যে একজন মেরিগঞ্জের তৃণমূল কর্মী জাকির লস্কর, অন্যজন রাধাবল্লভপুরের কুখ্যাত সমাজবিরোধী জাহাঙ্গীর খান। উদ্ধার হয়েছে দুটি আগ্নেয়াস্ত্র ও কার্তুজ। মঙ্গলবার ধৃতদের বারুইপুর মহকুমা আদালতে তোলা হবে।

পুলিশ সূত্রে খবর, মেরিগঞ্জ ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের মেরিগঞ্জ গ্রামের বাসিন্দা জাকির লস্কর এলাকায় তৃণমূল কর্মী হিসেবে পরিচিত। বিভিন্ন রাজনৈতিক মঞ্চেও তাঁকে দেখা গিয়েছে। গোপন সূত্রে খবর পেয়ে সোমবার দুপুরে তাঁর বাড়িতে হানা দেয় পুলিশ। জিজ্ঞাসাবাদের পর জাকিরের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়। সঙ্গে সঙ্গে তাঁকে গ্রেফতার করা হয়।অন্য দিকে, ১৩ নম্বর রাধাবল্লভপুরের বাসিন্দা জাহাঙ্গীর খানকে পুলিশ কুখ্যাত সমাজবিরোধী বলে দাবি করেছে। গোপন খবরের ভিত্তিতে তাঁর বাড়িতে গিয়ে আটক করে জিজ্ঞাসাবাদ চালায় পুলিশ। এরপর তাঁর কাছ থেকেও একটি আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার হয়। ধৃত দু’জনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু হয়েছে। আগ্নেয়াস্ত্র কোথা থেকে এল, কী উদ্দেশ্যে রাখা হয়েছিল, তা খতিয়ে দেখছে পুলিশ। কোনও বড় নাশকতার ছক ছিল কি না, তাও তদন্ত করে দেখা হচ্ছে।

ভোটের আবহে এলাকা থেকে একের পর এক আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় উদ্বেগ বাড়ছে। তৃণমূল কর্মী ও সমাজবিরোধীর কাছ থেকে একই দিনে অস্ত্র মেলায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। পুলিশ জানিয়েছে, এলাকায় নজরদারি আরও বাড়ানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *