TMC-Rajeev Kumar : রাজ্যসভার সাংসদ রাজীব কুমারকে ভোট গণনার দিনে বড় দায়িত্ব দিল তৃণমূল !
কিউ ইন্ডিয়া বাংলা :- বঙ্গে ভোট গণনায় এবার রাজীব কুমারকে বিশেষ দায়িত্ব তৃণমূলের। তৃণমূল সাংসদ ও প্রাক্তন DGP রাজীব কুমারকে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে দলের পক্ষ থেকে । উত্তর ২৪ পরগনা জেলার ব্যারাকপুর, দমদমে গণনা চলাকালীন তৃণমূলের পর্যবেক্ষকের দায়িত্বে রাজীব কুমার। আগামী ৪ মে সোমবার ভোট গণনা হতে চলেছে। তার আগেই রাজীব কুমারকে বিশেষ দায়িত্ব দিয়েছেন তৃণমূল সুপ্রিমো ।
গতকাল ২রা মে শনিবার তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় ভার্চুয়াল বৈঠক করেছেন কাউন্টিং এজেন্টদের সঙ্গে। তাদেরকে একগুচ্ছ নির্দেশও দিয়েছেন । কাউন্টিং এজেন্টদের কী করতে হবে, প্রার্থীদের কী করতে হবে, এই বিষয়ে একগুচ্ছ নির্দেশ দেওয়া হয়েছে ভার্চুয়াল বৈঠকে। এছাড়াও রাজ্য নেতৃত্বের অনেককেই জেলাওয়ারি দায়িত্ব দেওয়া হয়েছে ভোট গণনার দিনে। সেখানেই জানান গিয়েছে, উত্তর ২৪ পরগনার জন্য বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে তৃণমূলের রাজ্যসভার সাংসদ এবং রাজ্যের প্রাক্তন ডিজিপি রাজীব কুমারকে। এর পাশাপাশি সৌগত রায় এবং পার্থ ভৌমিককেও বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে।
শুধু রাজীব কুমার নন, রাজ্যজুড়ে বিভিন্ন তৃণমূল নেতৃত্বকে দায়িত্ব দেওয়া হয়েছে ভোটের গণনার দিন। হুগলিতে দায়িত্ব দেওয়া হয়েছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। হাওড়ায় দায়িত্ব পেয়েছেন পুলক রায়। উত্তর কলকাতার দায়িত্বে রয়েছেন কুণাল ঘোষ, সুদীপ বন্দ্যোপাধ্যায়। দক্ষিণ কলকাতার দায়িত্ব পেয়েছেন অরূপ বিশ্বাস এবং ফিরহাদ হাকিম। দক্ষিণ ২৪ পরগনার দায়িত্ব নিজের হাতে রেখেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পূর্ব মেদিনীপুরের দায়িত্বে রয়েছেন সায়নী ঘোষ এবং ঋজু দত্ত।
