আজকের দিনেবাংলার আয়নারাজনীতি

শুভেন্দুর আপ্তসহায়ক খুন: বারাণসী থেকে ধৃত কয়লা মাফিয়া বিনয়, আজ বুধবার আদালতে তুলবে সিবিআই

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথের খুনের ঘটনায় পঞ্চম গ্রেফতারি। বারাণসী থেকে ধরা পড়ল কয়লা পাচার সিন্ডিকেটের সঙ্গে যুক্ত বিনয় রায়। আজ, বুধবার ১৯ মে বারাসত আদালতে তোলা হবে ধৃতকে। সূত্রের খবর, খুনের গোটা ছকের অন্যতম মাথা এই বিনয়।

সিবিআই সূত্রে আগে জানা গিয়েছিল, ধৃত বিনয় রায়ের বয়স ৪০ বছর। আদতে গাজিপুরের মনসা গাঁওয়ের বাসিন্দা হলেও পরে দেওরিয়া গ্রামে থাকতে শুরু করেন। সাম্প্রতিক সময়ে ধানবাদে থেকে কয়লার ব্যবসা করতেন তিনি।

তদন্তকারীদের একাংশের দাবি, বিনয় কয়লা পাচার সিন্ডিকেটের সঙ্গে সরাসরি যুক্ত। বালিয়া ও বিহারের অপরাধীদের রসদ জোগান দিতেন তিনিই। পরে জানা যায়, চন্দ্রনাথ রথ খুনের নেপথ্য পরিকল্পনায় বিনয়ের বড় ভূমিকা রয়েছে। বিনয়কে ধরতে প্রথমে গাজীপুরে হানা দেয় সিবিআই। সেখানে না পেয়ে বিশেষ সূত্রে খবর মেলে, বারাণসীতে পুলিশ লাইনের কাছে গা ঢাকা দিয়ে আছেন তিনি। সেখান থেকেই মঙ্গলবার রাতে গ্রেফতার করা হয় বিনয়কে। বারাণসী সিজেএম আদালত থেকে ট্রানজিট রিমান্ডে কলকাতায় আনা হয়েছে তাঁকে।

প্রসঙ্গত,এর আগে এই খুনে চার জনকে গ্রেফতার করা হয়েছিল। রাজ্য পুলিশের সিট বিহারের বক্সার থেকে বিশাল শ্রীবাস্তবকে ধরে। পরে রাজ সিংহ এবং ময়ঙ্ক মিশ্রও ধরা পড়েন। মামলার তদন্তভার সিবিআই নেওয়ার পর উত্তরপ্রদেশের ছাপ্পর থেকে রাজকুমার সিংহকে গ্রেফতার করা হয়।

সূত্রের খবর, সিআইডি-র হাতে ধৃত তিন ভাড়াটে খুনিকে জেরা করেই রাজকুমারের নাম উঠে আসে। বালিয়া থেকে ধৃত রাজ সিংহের সঙ্গে যোগসাজস ছিল তার। রাজকুমারকে ধরতে দিল্লি ও ফরিদাবাদে প্রায় এক সপ্তাহ অভিযান চালায় সিবিআই।

চন্দ্রনাথ রথ খুনে এই নিয়ে পাঁচ জন ধরা পড়ল। কয়লা মাফিয়া বিনয় রায়কে জেরা করে খুনের ষড়যন্ত্রের আরও সূত্র মিলবে বলে মনে করছেন তদন্তকারীরা। আজ বুধবার বারাসত আদালতে তুলে ধৃতকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে সিবিআই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *