বিশ্বাস ভাইদের অবিশ্বাস্য কীর্তি! এলআইসির জমি ‘জবরদখল’ সুরুচি সংঘের
কিউ ইন্ডিয়া বাংলা:- ২১ কাঠা জমি জবরদখলের অভিযোগে আলিপুর থানার দ্বারস্থ এলআইসি। অভিযোগের তির সুরুচি সংঘ তথা বিশ্বাস ব্রাদার্সের বিরুদ্ধে। এলআইসির দাবি, বছরের পর বছর ধরে তাদের জমিতেই বেআইনিভাবে চলছে দুর্গাপুজো ও ক্লাবের কার্যক্রম।
শনিবার নিজেদের জমি পুনরুদ্ধারের জন্য আলিপুর থানায় অভিযোগ দায়ের করলেন এলআইসি-র আধিকারিকরা। অভিযোগ, ২১ কাঠা জমি জবরদখল করে সুরুচি সংঘের দুর্গাপুজো করছেন বিশ্বাস ব্রাদার্স। সেই জমিতেই বেআইনি ভাবে তিনতলা ক্লাবঘরও তৈরি হয়েছে বলে দাবি। সুরুচি সংঘ ক্লাবটি রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস ও তাঁর ভাই স্বরূপ বিশ্বাসের বলেই পরিচিত। ইতিমধ্যেই হেনস্তা, তোলাবাজি-সহ একাধিক অভিযোগে স্বরূপ বিশ্বাসকে গ্রেপ্তার করেছে পুলিশ। এরপরই ক্লাবে ঢুকে ভাঙচুর চালায় উত্তেজিত জনতা।
এলআইসির আধিকারিকদের দাবি, বহু বছর ধরে ২১ কাঠা জমি দখল করে রেখেছে বিশ্বাস ব্রাদার্স। সেখানেই হয় সুরুচি সংঘের জনপ্রিয় দুর্গাপুজো। জমিটি ঘিরে বেআইনি নির্মাণও করা হয়েছে। তিনতলা বাড়িতে রয়েছে একাধিক বেডরুম। সম্পূর্ণ বেআইনি ভাবেই এলআইসির জমিতে এই নির্মাণ হয়েছে বলে অভিযোগ।
আধিকারিকরা জানান, এর আগেও একাধিকবার জমি পুনরুদ্ধারের চেষ্টা করা হয়েছিল। আদালতের দ্বারস্থও হয়েছিল এলআইসি। কিন্তু কোনও লাভ হয়নি। জমি ফেরত পায়নি সংস্থা। এবার সরাসরি পুলিশের দ্বারস্থ হলেন তারা।
এই ঘটনায় সুরুচি সংঘের দুর্গাপুজোর ভবিষ্যৎ নিয়ে বড় প্রশ্ন উঠে গেল। এলআইসির অভিযোগের পর পুলিশ কী পদক্ষেপ করে, সেদিকেই তাকিয়ে সব মহল।
