SUDIP BANARJEE : সুদীপের বিরুদ্ধে ‘বেইমান, চোর’ পোস্টার, নেপথ্যে তাপস-কুণাল! উত্তর কলকাতায় শোরগোল
কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা:- নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পরদিনই রাতারাতি পোস্টারে ছেয়ে গেল উত্তর কলকাতা। লক্ষ্য তৃণমূল ছেড়ে এনসিপিআই-তে যাওয়া সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় (SUDIP BANARJEE)। পোস্টারে তাঁকে ‘চোর-বেইমান’ তকমা দেওয়ার পাশাপাশি নিচে লেখা প্রচারকের নাম ঘিরেই এখন রাজনৈতিক চর্চা তুঙ্গে।
সোমবার রাতে নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করেন উত্তর কলকাতার সাংসদ সুদীপ (SUDIP BANARJEE)। তার কয়েক ঘণ্টার মধ্যেই উত্তর কলকাতার বিভিন্ন জায়গায় এবং সাংসদের বাড়ির কাছেও সাঁটানো হয় পোস্টার। তাতে লেখা — ‘বেইমান আর চোরটা/নয়নাদিদির বরটা’। সবচেয়ে নজরকাড়া, পোস্টারের নিচে ‘প্রচারে: তাপস রায়, কুণাল ঘোষ’ লেখা।
তাপস রায় ও কুণাল ঘোষের সঙ্গে সুদীপের দীর্ঘদিনের বিরোধ সর্বজনবিদিত। গত লোকসভার আগে তাপসের বিজেপিতে যোগ নিয়েও সুদীপের দিকেই আঙুল তুলেছিলেন কুণাল। এরপর ছাব্বিশের ভোটে ভরাডুবির পর সুদীপ দল ছেড়ে দিল্লিতে এনসিপিআই-তে যোগ দেন।
পোস্টার নিয়ে প্রশ্ন উঠতেই রাজ্যের শিল্পমন্ত্রী তাপস রায় বলেন, “পোস্টারের কথা জানি না। তবে যা লেখা আছে তার সঙ্গে একমত। এলাকার মানুষও ক্ষুব্ধ।” বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের দাবি, “এই পোস্টারের সঙ্গে আমার কোনও যোগ নেই।” সুদীপ বন্দ্যোপাধ্যায় এ বিষয়ে এখনও মুখ খোলেননি। (SUDIP BANARJEE)
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নবান্ন বৈঠকের পরই তার নামে এমন পোস্টার এবং তাতে একজন বিজেপির মন্ত্রী ও অপরজন কালীঘাট তৃণমূলের নেতার নাম থাকায় উত্তর কলকাতার রাজনীতিতে নতুন করে উত্তাপ। পোস্টারের দায় কে নেবে তা স্পষ্ট না হলেও, সুদীপ-বিরোধী বার্তা যে জোরালোভাবে ছড়িয়ে পড়েছে তা বলাই যায়।
