মমতার ‘পাহারার’ পাল্টা এবার ময়দানে শুভেন্দু
কিউ ইন্ডিয়া বাংলা,কলকাতা: ২০২৬-এর বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার আগেই ভবানীপুর কেন্দ্রে তুঙ্গে রাজনৈতিক উত্তেজনা। বৃহস্পতিবার রাতে দক্ষিণ কলকাতার শাখাওয়াত মেমোরিয়াল স্কুলের স্ট্রংরুমে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থানের পর পাল্টা তৎপরতা শুরু করলেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। শুক্রবার সকাল থেকেই একাধিক সাংগঠনিক কর্মসূচি ও কমিশনের দ্বারস্থ হওয়ার পরিকল্পনায় রণকৌশল সাজাচ্ছেন তিনি।
নজরদারিতে বিজেপি এজেন্ট
শুভেন্দু অধিকারীর দাবি, বৃহস্পতিবার রাতে মমতা বন্দ্যোপাধ্যায় যখন স্ট্রংরুমে ছিলেন, তখন তাঁর ওপর কড়া নজর রাখা হয়েছিল। বিজেপি প্রার্থীর নির্বাচনী এজেন্ট সূর্যনীল দাস সারা ক্ষণ নেত্রীর গতিবিধির ওপর নজরদারি চালান। শুভেন্দুর মতে, তৃণমূল নেত্রীকে কোনো রকম ‘নিয়াম বহির্ভূত’ কাজ বা বাড়তি সুবিধা নেওয়া থেকে বিরত থাকতে বাধ্য করা হয়েছে।
শুভেন্দুর শুক্রবারের রণকৌশল
গণনাকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে এবং কর্মীদের মনোবল চাঙ্গা করতে আজ একাধিক পদক্ষেপ নিচ্ছেন শুভেন্দু:
-
সাংগঠনিক বৈঠক: অরফ্যানগঞ্জের দলীয় কার্যালয়ে ভবানীপুরের নেতাদের নিয়ে বৈঠকে বসছেন তিনি। গণনাকেন্দ্রে দলের পক্ষ থেকে পাহারার ব্যবস্থা এবং মমতার উপস্থিতির পাল্টা পদক্ষেপ ঠিক করাই এই বৈঠকের মূল লক্ষ্য।
-
গণনাকেন্দ্র পরিদর্শন: শুক্রবার বিকেলে শুভেন্দু অধিকারী নিজে শাখাওয়াত মেমোরিয়াল স্কুলে যাবেন পরিস্থিতি খতিয়ে দেখতে।
-
কমিশনে নালিশ: সেখান থেকে তিনি সরাসরি নির্বাচন কমিশনের দপ্তরে যেতে পারেন বলে খবর। স্ট্রংরুমের নিরাপত্তা এবং বৃহস্পতিবারের ঘটনা নিয়ে তিনি স্মারকলিপি জমা দিতে পারেন।
‘জান দিয়ে লড়া’ বনাম ‘বিনা যুদ্ধে নাহি দিব সূচ্যগ্র মেদিনী’
বৃহস্পতিবার রাতে স্ট্রংরুম থেকে বেরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন এবং হুঁশিয়ারি দিয়েছিলেন যে, ভোট লুটের চেষ্টা হলে তিনি ‘জান দিয়ে’ লড়বেন। পাল্টা শুভেন্দুর এই সক্রিয়তা বুঝিয়ে দিচ্ছে, আগামী ৪ মে গণনার দিন ভবানীপুরে এক ইঞ্চি জমিও বিনা যুদ্ধে ছাড়তে নারাজ গেরুয়া শিবির।
ভোট মিটলেও ভবানীপুরের লড়াই যে এখন স্ট্রংরুমের প্রতিটি ইঞ্চিতে ছড়িয়ে পড়েছে, তা বলাই বাহুল্য। এখন সকলের নজর ৪ মে-র চূড়ান্ত ফলাফলের দিকে।
