আজকের দিনেভারত

রাজস্থানে বসেই চলছিল দেশের নথি পাচার, গ্রেফতার মহিলা পাক চর

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা: ফের জইশ যোগে সন্দেহে রাজস্থান থেকে ধৃত মহিলা। অভিযোগ, পাক হ্যান্ডলারদের সঙ্গে নিয়মিত কথোপকথন, চরবৃত্তির অভিযোগ। এটিএস সূত্রে খবর, মহিলার গতিবিধি ও ফোন ট্র্যাক করেই পুলিশ এসটিএফ এই মহিলার হদিশ পায়। রাজস্থানের জয়পুর থেকে ওই মহিলাকে গ্রেফতার করা হয়েছে। ধৃতের নাম ববিতা ধাকড়।  রাজস্থান পুলিশের সন্ত্রাসদমন শাখা (এটিএস) গোপন সূত্রে খবর পায়, জয়পুর থেকে দেশবিরোধী কার্যকলাপ চলছে। সেই সূত্র ধরেই এগোতে থাকে এসটিএফ। তখনই গঙ্গাপুর থেকে ওই মহিলার হদিশ পায় এসটিএফ। মহিলার গতিবিধি ও ফোন ট্র্যাক করা শুরু হয়। তদন্তে উঠে আসে ওই মহিলা পাকিস্তানের বেশ কয়েকজন মহিলার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছিলেন। এর পরেই তল্লাশি চালিয়ে ওই মহিলাকে গ্রেফতার করা হয় তার গোপন ডেরা থেকে।

পুলিশ জানিয়েছে, জইশ জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত থাকার বেশ কিছু প্রমাণ পাওয়া গেছে। পাক হ্যান্ডলারদের সঙ্গে নিয়মিত কথোপকথন হত মহিলার। সমাজমাধ্যমেও যোগাযোগ রাখতেন। তদন্তকারীদের সন্দেহ, গুরুত্বপূর্ণ নথি পাকিস্তানে পাচার করতেন ওই মহিলা। রাজস্থান এটিএসের পুলিশ সুপার মণীশ ত্রিপাঠী জানিয়েছেন, মহিলার ফোন থেকে বেশ কিছু নম্বর উদ্ধার হয়েছে, যেগুলি পাকিস্তানের।  হোয়াট্‌সঅ্যাপ এবং অন্য যোগাযোগকারী অ্যাপের মাধ্যমে ওই ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ রাখতেন ববিতা।

প্রাথমিক তদন্তে জানা গেছে, মহিলা দুটি সিম ব্যবহার করতেন, বিদেশি নামে ফেসবুক অ্যাকাউন্ট চালাতেন। তাঁর  সেই ফেসবুক অ্যাকাউন্টে জইশ জঙ্গি সংগঠনের বহু ছবি, পোস্ট মিলেছে বলে দাবি এটিএসের। শুধু পাকিস্তান নয়, অন্য দেশেও যোগাযোগ রাখার বেশ কিছু প্রমাণ মিলেছে। মহিলা জেরা করে এর সঙ্গে আরও কারা কারা জড়িত, এতদিনে কী কী তথ্য পাচার করা হয়েছে সব কিছুই জানার চেষ্টা করা হচ্ছে।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *