SHANTIPUR BAMA KALI: আগের জায়গায় আর নাচবেন না শান্তিপুরের বামা কালী! বদলে গেল ৫৮ বছরের ঐতিহ্যের স্থান
কিউ ইন্ডিয়া বাংলা, শান্তিপুর :- শান্তিপুরের বামা কালীর (SHANTIPUR BAMA KALI) ঐতিহ্য ছড়িয়ে রয়েছে গোটা বাংলাজুড়েই। বিসর্জন শোভাযাত্রার সময় বামা কালী একটি নির্দিষ্ট জায়গায় নাচেন, আর সেই বিরল মুহূর্ত দেখতে হাজার হাজার মানুষ ভিড় জমান। কিন্তু এবার আর আগের জায়গায় নাচবেন না বামা কালী (SHANTIPUR BAMA KALI) । বড়বাজারের পরিবর্তে এবার মন্দিরের নিকটবর্তী বেজপাড়া মাঠে হবে সেই ঐতিহ্যবাহী নাচ।
এতদিন পর্যন্ত শান্তিপুরের বড়বাজার এলাকার সংকীর্ণ রাস্তায় প্রতিমার নাচ (SHANTIPUR BAMA KALI) দেখা যেত। বাঁশের কাঠামোর উপরে বসিয়ে কাঁধে করে নিয়ে যাওয়া হয় বিশাল প্রতিমা, কাঁধে থাকা অবস্থাতেই নাচানো হয়।
দুর্গাপুজোর সপ্তমীর সন্ধ্যায় চোরবাগানের দুর্গাপুজোর মণ্ডপে পদপিষ্ট হয়ে ১৯ জনের মৃত্যুর পরই গুঞ্জন ছড়ায়, তাহলে কি সেই দুর্ঘটনার জেরেই এই সিদ্ধান্ত? বামা কালীর নাচ দেখতে বিপুল ভিড় হয়, তাই দুর্ঘটনার আশঙ্কা থেকেই কি স্থান পরিবর্তন?
সেই জল্পনা উড়িয়ে দিয়েছে পুজো কমিটি। কমিটির সভাপতি সুখেন্দুবিকাশ চৌধুরী জানিয়েছেন, সামাজিক মাধ্যমে প্রচারিত তথ্যের সঙ্গে বাস্তব সিদ্ধান্তের কোনও সম্পর্ক নেই। এটি সম্পূর্ণ ভিত্তিহীন। চোরবাগানের ঘটনার পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়নি। গত বছর কালীপুজোর পর থেকেই ভিড় সামলানো ও নিরাপত্তার স্বার্থে এই ভাবনা শুরু হয়েছিল।
তিনি জানান, বড়বাজারের সংকীর্ণ রাস্তায় বিপুল ভক্তসমাগমের ফলে দীর্ঘক্ষণ যান চলাচল বন্ধ থাকত, অন্যান্য শোভাযাত্রার পথও অবরুদ্ধ হয়ে পড়ত। ভক্তদের স্বাচ্ছন্দ্য ও নিরাপত্তার বিষয়টি মাথায় রেখেই স্থানীয় প্রশাসনের সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এবার বেজপাড়া মাঠে একসঙ্গে প্রায় ৫০ হাজার মানুষ দাঁড়িয়ে নির্বিঘ্নে মায়ের নাচ দর্শন করতে পারবেন। প্রায় ৪০ জন অভিজ্ঞ বাহক কাঁধে করে প্রতিমা নিয়ে নৃত্য পরিবেশন করবেন। সার্বিক ব্যবস্থাপনায় থাকবে পুলিশ-প্রশাসন, ব্যারিকেড, ফায়ার ব্রিগেড, অ্যাম্বুলেন্স, চিকিৎসক দল এবং পর্যাপ্ত আলোর ব্যবস্থা।
পাশাপাশি দেবী পুজোর ইতিহাস নিয়েও মুখ খুলেছেন উদ্যোক্তারা। সামাজিক মাধ্যমে অনেকে এই পুজোকে ৩০০, ৫০০, ৬০০ বছরের প্রাচীন বলে বিভ্রান্তিকর তথ্য দিচ্ছেন। আসলে যমুনা দেবীর স্বপ্নাদেশে শুরু হওয়া এই পুজো এবার ৫৮ বছরে পদার্পণ করেছে।
চলতি বছর আগামী ৯ নভেম্বর রাতে বেজপাড়া মাঠেই অনুষ্ঠিত হবে বামা কালীর ঐতিহ্যবাহী নাচ। এরপর চিরাচরিত নিয়ম মেনে বড়বাজার ঘাটে প্রতিমার বিসর্জন হবে বলে জানিয়েছে পুজো কমিটি।
