SEALDAH STATION: শিয়ালদহে ট্রেনের গার্ড কেবিনে উঠে হর্ন বাজাল মদ্যপ, ভাইরাল ভিডিও ঘিরে চাঞ্চল্য
কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা:– গত ২১ অক্টোবর, বিজয়া দশমীর দিন শিয়ালদহ (SEALDAH STATION) স্টেশনের ৯ নম্বর প্ল্যাটফর্মে চাঞ্চল্যকর ঘটনা। যাত্রী নামার পর ফাঁকা গার্ডের কেবিনে উঠে হর্ন বাজিয়ে দেন এক মদ্যপ ব্যক্তি। ঘটনায় সাময়িক আতঙ্ক ছড়ায়। এই ভিডিওটি আপাতত ভাইরাল, যদিও ভিডিওটির সত্যতা যাচাই করেনি কিউ ইন্ডিয়া বাংলা। ভাইরাল ভিডিওর পরই কড়া পদক্ষেপ নিয়েছে পূর্ব রেলওয়ে (SEALDAH STATION) ।
পূর্ব রেল সূত্রে জানা যাচ্ছে, ঘটনাটি ঘটে (SEALDAH STATION) ২১ অক্টোবর রাত সাড়ে ১১টা নাগাদ। বিজয়া দশমীর রাতে শিয়ালদহের ৯ নম্বর প্ল্যাটফর্মে একটি লোকাল ট্রেন এসে থামে। সমস্ত যাত্রী নেমে যাওয়ার পর ট্রেনের গার্ডও তাঁর নির্ধারিত কেবিন থেকে নেমে যান। সাধারণত অন্তিম স্টেশনে গার্ড বদল হয়, আর সেই দুই গার্ড বদলের মাঝের অল্প সময়ের ফাঁকেই ঘটে যায় বিপত্তি।
প্রত্যক্ষদর্শীদের দাবি, ওই ফাঁকা সময়ে মানসিক ভারসাম্যহীন ও মদ্যপ অবস্থায় থাকা এক ব্যক্তি হঠাৎই গার্ডের কেবিনে উঠে পড়েন। কিছু না বুঝেই তিনি ট্রেনের হর্ন বাজিয়ে দেন। আচমকা হর্নের জোরালো শব্দে প্ল্যাটফর্ম জুড়ে শোরগোল পড়ে যায়। অনেক যাত্রী ভাবেন ট্রেন ছেড়ে দিচ্ছে, ফলে হুড়োহুড়ি করে ট্রেনে ওঠার চেষ্টা করেন তাঁরা।
পরিস্থিতি বেগতিক দেখে সঙ্গে সঙ্গে ছুটে আসে রেল পুলিশ। ওই ব্যক্তিকে কেবিন থেকে নামিয়ে দেওয়া হয় এবং যাত্রীদের আশ্বস্ত করা হয়। কিন্তু প্রশ্ন উঠছে, রেলকর্মী ছাড়া কীভাবে বাইরের একজন ব্যক্তি সুরক্ষিত কেবিনে ঢুকে যন্ত্রপাতিতে হাত দিল? এটি যাত্রী সুরক্ষার ক্ষেত্রে বড় গাফিলতি বলেই মনে করছেন অনেকে। পূর্ব রেল কর্তৃপক্ষ জানিয়েছে, পুরো ঘটনা গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে কারও গাফিলতি প্রমাণিত হলে কড়া শাস্তির হুঁশিয়ারি দেওয়া হয়েছে এবং ভবিষ্যতে যাতে এমন ঘটনা না ঘটে তার জন্য রেলকর্মীদের বিশেষভাবে সতর্ক করা হয়েছে।
অল্পের জন্য বড় বিপদ এড়ানো গিয়েছে বলে মনে করছেন নিত্যযাত্রীরা। এই ঘটনা আবারও লোকাল ট্রেনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলে দিল
