৩৫ জন যাত্রী নিয়ে উলটে গেল নৌকা, ভয়াবহ নৌকাডুবি মহারাষ্ট্রে
কিউ ইন্ডিয়া বাংলা:- মহারাষ্ট্রের বীড়ের মাজলগাঁওয়ে ভয়াবহ নৌকাডুবি। ৩৫ জনকে নিয়ে উলটে গেল নৌকা। বুধবার দুপুরে যাত্রী পারাপারের সময় এই দুর্ঘটনা ঘটে। এখনও পর্যন্ত বহু যাত্রী নিখোঁজ। কতজন নিখোঁজ তা এখনও স্পষ্ট নয়। একজন মহিলার মৃত্যু হয়েছে বলে খবর। গোটা ঘটনায় যাত্রী নিরাপত্তা প্রশ্নের মুখে। নৌকার যাত্রীধারণ ক্ষমতার বেশি যাত্রী তোলা হয়েছিল বলে জানা গেছে। ফলে ঘাট ছেড়ে কিছুটা যেতেই নৌকাটি হেলে পড়ে। তার পরেই সেটি উলটে যায়। নদীর স্রোত বেশি থাকায় কয়েকজন যাত্রী ভেসে যায়। গোটা ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তবে স্থানীয়দের সহযোগিতায় বেশ কয়েক জনকে উদ্ধার করা হয়েছে বলে সূত্রের খবর। এক প্রত্যক্ষদর্শী বয়ান অনুযায়ী, মাঝিকে বার বার নিষেধ করা হয়েছিল বেশি যাত্রী না তোলা নিয়ে। কিন্তু সেই বারণ শোনেনি তারা। নিষেধাজ্ঞা উপেক্ষা করে ৩০ জনের বেশি যাত্রী নিয়ে নদী পারাপার করার চেষ্টা করা হয়। আর এতেই ঘটে বিপত্তি। কিছুদূর যেতেই নৌকা কাত হয়ে পড়ে। বিপদ আঁচ করেই যাত্রীরা হুড়োহুড়ি শুরু করে। নদীর স্রোতের টান বেশি থাকায় নৌকা একদিকে হেলে যায়, মাঝি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। তার পর সেটি স্রোটের টানে কয়েক পাক খেয়ে উল্টে যায়। কয়েক জন সাঁতরে পারে উঠে প্রাণ বাঁচান। কিছু যাত্রী স্রোতের টানে ভেসে যান।
