মন্ত্রিসভার বণ্টনের মাঝেই নবান্নে প্রশাসনিক রদবদল: ১৮ আইএএস অফিসার পেলেন নতুন দায়িত্ব
কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা:- রাজ্যে মন্ত্রিসভার দায়িত্ব বণ্টনের পরপরই প্রশাসনের উচ্চ স্তরে ব্যাপক রদবদল করল নবান্ন। একসঙ্গে ১৮ জন আইএএস অফিসারকে বদলি ও অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। মন্ত্রিসভা পুনর্বিন্যাসের পর সচিব পর্যায়ে এই রদবদল যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে প্রশাসনিক মহল।
নবান্ন থেকে জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০০৪ ব্যাচের আইএএস অফিসার জগদীশপ্রসাদ মীনাকে খাদ্য দপ্তরের সচিব পদে পাঠানো হয়েছে। এর আগে তিনি নারী ও শিশু সুরক্ষা দপ্তর এবং দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের সচিব হিসাবে দায়িত্ব সামলেছিলেন।
১৯৯৩ ব্যাচের আইএএস অফিসার দুষ্মন্ত নারিয়ালাকে পশ্চিমবঙ্গ সরকারের ‘প্রিন্সিপাল রেসিডেন্ট কমিশনার’ করার পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব হিসাবে এএসএটিআইয়ের ডিরেক্টর জেনারেল ও এসএনটিসিএসএসসি-র চেয়ারম্যান করা হয়েছে।
প্রাক্তন মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তীকে আবাসন দপ্তরের প্রধান সচিব ও বিজ্ঞান টেকনোলজি এবং বায়ো টেকনোলজি দপ্তরের অতিরিক্ত মুখ্য সচিব করা হয়েছে।
এছাড়া মুখ্য নির্বাচনী আধিকারিক নীলম মীনাকে পরিবেশ দপ্তরের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। বাকি অফিসারদেরও বিভিন্ন দপ্তরে নতুন পদে পাঠানো হয়েছে বা অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।
প্রশাসনিক সূত্রের মতে, মন্ত্রিসভার নতুন বিন্যাসের সঙ্গে সামঞ্জস্য রেখেই দপ্তরগুলিতে গতি আনতে এই রদবদল। একসঙ্গে এতজন সচিব পর্যায়ের অফিসারের বদলি প্রশাসনিক কর্মকাণ্ডে নতুন গতি আনার ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
