আজকের দিনেখেলা

বৈভবকে বসিয়ে রেখেই ডুবল ভারত, আয়ারল্যান্ডের কাছে সিরিজ হেরে তোপের মুখে টিম ম্যানেজমেন্ট

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- আয়ারল্যান্ডের কাছে ০-২ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ হেরে মুখ পুড়ল টিম ইন্ডিয়ার। শুধু হার নয়, প্রতিভাবান তরুণ ব্যাটার বৈভব সূর্যবংশীকে সুযোগ না দেওয়া নিয়ে শুরু হয়েছে তুমুল বিতর্ক। সমালোচনার ঝড় তুলেছেন সঞ্জয় মঞ্জরেকর থেকে ইয়ান বিশপের মতো প্রাক্তনরা।

এক ধাক্কায় মুখ থুবড়ে পড়ল ভারতীয় ক্রিকেট দলের গরিমা। এর আগেও পচা শামুকে পা কাটার ইতিহাস রয়েছে ভারতের। কিন্তু আয়ারল্যান্ডের কাছে ০-২-এ টি-টোয়েন্টি সিরিজ হারা অতীতের সব ব্যর্থতাকে ছাপিয়ে গিয়েছে। শেষ ম্যাচে এক রানে হার মেনে নিতে পারছেন না সমর্থকরা।

বিতর্কের কেন্দ্রে তরুণ ব্যাটার বৈভব সূর্যবংশী। দেশের জনসাধারণ অপেক্ষা করে ছিলেন তাঁর অভিষেক ম্যাচের জন্য। কিন্তু টিম ম্যানেজমেন্ট তাঁকে বসিয়ে রেখেই জল ঢেলে দিয়েছে সেই আশায়। অনেকের মত, বৈভব থাকলে হয়তো শেষ ম্যাচের ফল অন্যরকম হত।

দলের থিঙ্কট্যাঙ্কের কড়া সমালোচনা করেছেন প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় মঞ্জরেকর। ম্যাচের পর তিনি বলেন, ‘বৈভবকে এই ম্যাচে সুযোগ দেওয়া দরকার ছিল। আর শুধু ব্যাটিং-ই নয়, ফিল্ডিং সহ ক্রিকেটের সব দিকেই যাতে ওর বিকাশ ঘটে সেই দিকটা বিশেষভাবে ভাবা দরকার।’ এটাই এই ধরনের ক্রিকেটারদের সুযোগ পাওয়ার সেরা সময় বলে মনে করেন তিনি।

মঞ্জরেকরের সুরেই কথা বলেছেন ইয়ান বিশপ। তাঁর মতে, ‘বৈভব এমন জাতের ব্যাটার যাঁকে নিয়ে রীতিমত মাথা ঘামাতে হয় বিপক্ষ বোলারদের। এমন এক ক্রিকেটারের সুযোগ পাওয়াটাই যুক্তিযুক্ত।’

তবে ভিন্ন মত পোষণ করেছেন আকাশ চোপরা। তাঁর বক্তব্য, ‘নির্বাচকদের উচিত বৈভবকে আরও পরিণত হওয়ার সুযোগ দেওয়া।’ নির্বাচকদের আরও ধৈর্য ধরা দরকার বলে মনে করেন তিনি।

আয়ারল্যান্ডের মতো দলের কাছে সিরিজ হার ভারতীয় ক্রিকেটের জন্য অশনি সংকেত। তার থেকেও বড় প্রশ্ন তুলে দিয়েছে টিম ম্যানেজমেন্টের ভাবনা। প্রতিভাবান তরুণদের সঠিক সময়ে সুযোগ না দিলে ভবিষ্যতে আরও বড় মাশুল দিতে হতে পারে। এখন দেখার, বৈভব ইস্যুতে সমালোচনার পর নির্বাচকরা কী অবস্থান নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *