আজকের দিনেবিশ্ব

FRANCE: ফের বিক্ষোভে উত্তাল ফ্রান্স, প্যারিস-সহ একাধিক শহরে আগুন, পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ

কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- মুদ্রাস্ফীতি, জ্বালানির দামবৃদ্ধি ও নাগরিক পরিষেবার (FRANCE)  বেহাল দশার প্রতিবাদে ফের উত্তাল ফ্রান্স। শনিবার রাজপথের দখল নিলেন ৪ লক্ষেরও বেশি বিক্ষোভকারী। শান্তিপূর্ণ আন্দোলন হিংসাত্মক রূপ নিতেই পুলিশের সঙ্গে সংঘর্ষ (FRANCE) , গ্রেপ্তার প্রায় ১ হাজার।

বিগত কয়েক সপ্তাহ ধরেই শিক্ষা সংস্কার-সহ একাধিক দাবিতে বিদ্রোহের আগুনে পুড়ছে ফ্রান্স (FRANCE)। শনিবার প্যারিস-সহ লিওঁ, মার্সেই, বোর্দো, লিল, নঁত-সহ বিভিন্ন শহরে পথে নামেন বিক্ষোভকারীরা। সরকারের দাবি, ৪.১ লক্ষ মানুষ অংশ নেন, যদিও বেসরকারি সূত্রে সংখ্যাটা প্রায় ৮ লক্ষ। শুধু প্যারিসেই জমায়েত ১ লক্ষের বেশি।

অশান্তির আশঙ্কায় আগে থেকেই সতর্ক ছিল প্রশাসন। মোতায়েন করা হয় প্রায় ৭০ হাজার পুলিশ। বন্ধ করে দেওয়া হয় দোকানপাট, জাদুঘর এবং প্যারিসের একাধিক মেট্রো স্টেশন। কার্যত অঘোষিত লকডাউনের পরিস্থিতি তৈরি হয়।

প্রাথমিকভাবে শান্তিপূর্ণ থাকলেও শেষের দিকে মুখোশ পরে পুলিশের উপর হামলা চালায় একদল বিক্ষোভকারী। ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়া, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাঁদানে গ্যাস, জলকামান ও লাঠিচার্জ করে পুলিশ।

প্রতিবাদের নামে হিংসা ছড়ানোয় ফের প্রশ্নের মুখে ফ্রান্সের অভ্যন্তরীণ নিরাপত্তা। পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও, আন্দোলন আরও বড় আকার নিতে পারে বলে আশঙ্কা করছে প্রশাসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *