CHORBAGAN CASE: মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরই অ্যাকশন, ফেক নিউজ ছড়ানোর অভিযোগে গ্রেফতার ইউটিউবার
কিউ ইন্ডিয়া বাংলা, নিজস্ব প্রতিনিধি:- চোরবাগানের ঘটনা নিয়ে (CHORBAGAN CASE) সোশ্যাল মিডিয়ায় ভুয়ো তথ্য ছড়ানোর অভিযোগে গ্রেফতার হলেন পশ্চিম মেদিনীপুরের দাঁতনের তালদা গ্রামের যুবক তথা পরিচিত কনটেন্ট ক্রিয়েটর সুরজিৎ সী। মুখ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারির পরই পুলিশের এই তৎপরতা ঘিরে শুরু হয়েছে জোর চর্চা। শনিবার গভীর রাতে তাঁকে গ্রেফতার করা হয় এবং তাঁর জনপ্রিয় সোশ্যাল মিডিয়া পেজ ‘কোর বাংলা জনগণের কণ্ঠ’ বন্ধ করে দেওয়া হয়েছে (CHORBAGAN CASE) ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, চোরবাগানের ঘটনা (CHORBAGAN CASE) নিয়ে নিজের ফেসবুক পেজে একটি ভিডিও কনটেন্ট তৈরি করেছিলেন সুরজিৎ। অভিযোগ, সেই কনটেন্টের মাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভুয়ো তথ্য ছড়ানো হয়, যা বিভ্রান্তি সৃষ্টি করে। এই অভিযোগের ভিত্তিতেই দাঁতন থানার পুলিশ শনিবার গভীর রাতে তাঁর বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করে।
রবিবার ধৃতকে দাঁতন আদালতে পেশ করা হয়েছে। পুলিশ তাঁর মোবাইল ফোন ও অন্যান্য ডিজিটাল সরঞ্জাম বাজেয়াপ্ত করেছে। তবে ঠিক কোন তথ্যকে ভুয়ো বলে চিহ্নিত করা হয়েছে বা ওই কনটেন্টে কী বলা হয়েছিল, তা নিয়ে পুলিশ এখনও বিস্তারিত কিছু জানায়নি। তদন্ত চলছে।
উল্লেখ্য, গত কয়েকদিন ধরে চোরবাগানের ঘটনা ঘিরে রাজ্যজুড়ে বিভিন্ন মহলে আলোচনা ও বিতর্ক চলছে। এই পরিস্থিতিতে সোশ্যাল মিডিয়ায় গুজব ও ফেক নিউজ ছড়ানো নিয়ে কড়া বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তিনি স্পষ্ট জানিয়েছিলেন, ভুয়ো খবর ছড়িয়ে অশান্তি সৃষ্টির চেষ্টা করলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। তার ২৪ ঘণ্টার মধ্যেই এই গ্রেফতারির ঘটনা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
