BLOOD BANK : দানের রক্ত যাচ্ছে ভিনরাজ্যে? কলকাতা-সহ ৩ জেলায় স্বাস্থ্যদপ্তরের বড় অভিযান
কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- দানের রক্ত ও প্লাজমা কোটি কোটি টাকার বিনিময়ে বাংলা থেকে ভিনরাজ্যে পাচার হচ্ছে — এই অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার রাজ্যের একাধিক জায়গায় বড়সড় অভিযান শুরু করল স্বাস্থ্যদপ্তর (BLOOD BANK)। কলকাতা, নদিয়া ও দুর্গাপুরের বেশ কয়েকটি হাসপাতাল ও বেসরকারি ব্লাড ব্যাঙ্কে একযোগে তল্লাশি চালানো হচ্ছে।
স্বাস্থ্যদপ্তরের অভিযোগ, রক্ত সংকট মেটাতে রাজ্যজুড়ে যে রক্তদান শিবির হয়, সেই রক্তের বহু ইউনিট বাইরে বিক্রি করে দেওয়া হচ্ছে। বিহার, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ডের ব্লাড ব্যাঙ্কগুলিতে মোটা টাকায় এই রক্ত-প্লাজমা পাচার হয় বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে।
অভিযানে থাকা আধিকারিকরা কলকাতার সিআইটি রোডের লাইফ কেয়ার ব্লাড ব্যাঙ্ক, বেলেঘাটার একটি ব্লাড ব্যাঙ্ক, অন্ডাল ও নদিয়ার কয়েকটি বেসরকারি হাসপাতাল ও ব্লাড ব্যাঙ্কের নথিপত্র খতিয়ে দেখছেন। এর আগে পদ্মপুকুর হেল্থ পয়েন্ট ও যোধপুর পার্কের অশোক ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধেও একই অভিযোগ উঠেছিল।
স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় জানিয়েছেন, “সমস্ত কাগজপত্র পরীক্ষা করা হচ্ছে। কোনও দুর্নীতি প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।” প্রাথমিক তথ্য অনুযায়ী, গত ৬ মাসে শুধুমাত্র লাইফ কেয়ার ব্লাড ব্যাঙ্ক থেকেই সাড়ে ৩ হাজার ইউনিটের বেশি লোহিত রক্তকণিকা ভিনরাজ্যে পাঠানো হয়েছে বলে অভিযোগ।
অভিযানে নামা ৮-১০টি হাসপাতাল ও ব্লাড ব্যাঙ্কের কর্তৃপক্ষ এ বিষয়ে মুখ খোলেননি। স্বাস্থ্যদপ্তরের আধিকারিকরাও তদন্তের স্বার্থে আপাতত বিস্তারিত জানাতে চাননি।
দান করা রক্ত-প্লাজমা পাচারের এই চক্র তৃণমূল আমল থেকেই চলছে বলে অভিযোগ উঠেছে। বিজেপি সরকারের আমলে বিষয়টি সামনে আসার পরই স্বাস্থ্যদপ্তর তদন্তে নেমেছে। রক্তের এই বেআইনি কারবার রুখতে কী পদক্ষেপ হয়, এখন সেদিকেই নজর রাজ্যবাসীর।
