আজকের দিনেবাংলার আয়না

DILIP RAM CASE : তিন লাখ টাকার সুপারি! ব্যান্ডেল স্টেশনে রেইকি করে খুন, দিলীপ রাম হত্যায় দোষী ৭ জন

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, নিজস্ব প্রতিনিধি:- প্রকাশ্য দিবালোকে ব্যান্ডেল স্টেশনে রেইকি করে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন। জমি বিবাদের জেরে ব্যান্ডেল গ্রাম পঞ্চায়েতের প্রধানের স্বামী, দাপুটে তৃণমূল নেতা দিলীপ রাম হত্যা মামলায় (DILIP RAM CASE)অবশেষে সাতজনকে দোষী সাব্যস্ত করল আদালত। মূল অভিযুক্ত “মাদক কুইন” সমুন্দ্রি যাদব ও তার এক ছেলে এখনও ফেরার।

২০১৯ সালের ২৯ জুন সকাল নটায় ব্যান্ডেল স্টেশনের ৫ নম্বর প্ল্যাটফর্মে ওঠার মুখে রেল লাইনের উপরেই খুন হন দিলীপ রাম। নৈহাটির পিডব্লিউআই অফিসে যাওয়ার জন্য ট্রেন ধরতে গিয়েছিলেন তিনি। ভিড় হটাতে আকাশে গুলি ছোড়ে দুষ্কৃতীরা। ঘটনায় রাজ্যজুড়ে শোরগোল পড়ে যায়। (DILIP RAM CASE)

প্রথমে নিহতের স্ত্রী ও তৎকালীন ব্যান্ডেল পঞ্চায়েত প্রধান রিতু সিং স্থানীয় তিনজনের বিরুদ্ধে এফআইআর করেন। পরে চন্দনগর কমিশনারেটের তদন্তে উঠে আসে ব্যান্ডেলেরই বাসিন্দা শকুন্তলা যাদব ওরফে সমুন্দ্রির নাম। জমি বিবাদের জেরে তিন লাখ টাকার সুপারি দিয়ে দিলীপকে খুন করানোর অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। (DILIP RAM CASE)

তদন্তে গ্রেফতার হন মহঃ নাসিম ওরফে গুড্ডু, মহঃ মানু, মহঃ সানু, সাদ্দাম হোসেন, মঙ্গল যাদব, বৈজনাথ রায় ওরফে হেডেক এবং মহঃ আকবর। গুড্ডুর কাছ থেকে খুনে ব্যবহৃত আগ্নেয়াস্ত্রও উদ্ধার হয়। মামলায় মোট ৩৯ জনের সাক্ষ্যগ্রহণ হয়, প্রত্যক্ষদর্শী ছিলেন ৪ জন।

ব্যান্ডেল জিআরপি দিয়ে শুরু হয়ে পরে মামলাটি চুঁচুড়া থানার তদন্তকারী অফিসার প্রদীপ দাঁর হাতে আসে। সরকারি মুখ্য আইনজীবী শংকর গঙ্গোপাধ্যায় জানান, ৯ জনের বিরুদ্ধে চার্জশিট দেয় পুলিশ। তার মধ্যে সাতজনকে ৩০২ ধারাসহ একাধিক ধারায় দোষী সাব্যস্ত করেছেন তৃতীয় দায়রা আদালতের বিচারক কৌস্তভ মুখার্জি। (DILIP RAM CASE)

নিহতের স্ত্রী রিতু সিং বলেন, “দিলীপ খুনের সময় ছেলের বয়স ছিল ১৩। খুব কষ্টে দিন কাটিয়েছি। আদালত যারা খুন করেছে তাদের দোষী সাব্যস্ত করেছে। আশা করি যথার্থ সাজা হবে। যারা ফেরার তাদেরও দ্রুত গ্রেফতার করুক পুলিশ।”

ছয় বছর পর ব্যান্ডেল স্টেশনের এই চাঞ্চল্যকর খুনের মামলায় সাতজন দোষী সাব্যস্ত হলেও মূল চক্রী সমুন্দ্রি যাদব ও তার ছেলে আজাদ এখনও অধরা। পুলিশের নজর এখন তাদের গ্রেফতারের দিকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *