DUBAI FLIGHT: কলকাতা বিমানবন্দরে প্রথমবার এয়ারবাস এ৩৫০, ওয়াটার স্যালুটে স্বাগত এমিরেটসকে
কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা :- কলকাতা থেকে দুবাইগামী যাত্রীদের জন্য সুখবর (DUBAI FLIGHT)। যাত্রী চাহিদার কথা মাথায় রেখে এমিরেটস তাদের সাপ্তাহিক উড়ানের সংখ্যা ১১ থেকে বাড়িয়ে করল ১২। এরই সঙ্গে এদিন কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে প্রথমবার অবতরণ করল সংস্থার অত্যাধুনিক এয়ারবাস এ৩৫০ বিমান (DUBAI FLIGHT)।
এদিন নিয়ম মেনে বিমানটি রানওয়ে ছুঁতেই ওয়াটার ক্যানন স্যালুট দিয়ে স্বাগত জানায় বিমানবন্দর কর্তৃপক্ষ (DUBAI FLIGHT)। সেই ভিডিও সমাজমাধ্যম এক্স-এ পোস্ট করেছে কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ।
বিমানবন্দরের এক আধিকারিক জানিয়েছেন, যাত্রীদের ক্রমবর্ধমান চাহিদার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত। এই পদক্ষেপ পূর্ব ভারতের সঙ্গে আন্তর্জাতিক যোগাযোগ ব্যবস্থাকে আরও উন্নত করবে এবং যাত্রী স্বাচ্ছন্দ্য বাড়াবে।
দীর্ঘ বছর ধরে এমিরেটসে এয়ারবাস এ৩৮০ এবং বোয়িং ৭৭৭ বিমানের মাধ্যমে পরিষেবা দেওয়া হত। ২০২৪ সাল থেকে সংস্থার বহরে যুক্ত হয়েছে আধুনিক এয়ারবাস এ৩৫০। এতদিন মুম্বই, আহমেদাবাদ রুটে চললেও এই প্রথম কলকাতা রুটে যুক্ত হল এটি।
৩১২ আসনের এই বিমানটি অত্যন্ত উন্নত। এতে রয়েছে ৩২টি বিজনেস ক্লাস, ২১টি প্রিমিয়াম ইকোনমি এবং ২৫৯টি ইকোনমি ক্লাসের আসন। সংস্থার দাবি, অন্যান্য সমগোত্রীয় বিমানের তুলনায় এর জ্বালানি খরচ ও কার্বন নিঃসরণ প্রায় ২৫ শতাংশ কম।
উড়ানের সংখ্যা বৃদ্ধি ও নতুন বিমানের সংযোজনে কলকাতা থেকে দুবাই যাত্রা আরও সহজ ও আরামদায়ক হবে বলেই আশাবাদী কর্তৃপক্ষ।
