মেসির মায়ামিতে নিষ্প্রভ রোনাল্ডো, কোস্তার দাপটে হার বাঁচিয়ে কঠিন নকআউটে পর্তুগাল
কিউ ইন্ডিয়া বাংলা, ইন্টার মায়ামি:- ইন্টার মায়ামি — লিওনেল মেসির শহর। সেই শহরেই রোনাল্ডো ম্যাজিকের অপেক্ষায় ছিল ফুটবল দুনিয়া। কিন্তু সিআর সেভেন এদিন নিষ্প্রভ। উল্টে গোলকিপার দিয়েগো কোস্তার একের পর এক অবিশ্বাস্য সেভেই গোলশূন্য ড্র করে হার বাঁচাল পর্তুগাল। কলম্বিয়ার কাছে গ্রুপ সেরার লড়াইয়ে হেরে শেষ ৩২-এ কঠিন প্রতিপক্ষ ক্রোয়েশিয়ার সামনে রোনাল্ডোরা।
ম্যাচের আগে নকআউট নিশ্চিত ছিল দুই দলেরই। লড়াইটা ছিল গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার। শুরু থেকেই টানটান ম্যাচ। প্রথম মিনিটেই সুযোগ পেয়েছিল কলম্বিয়া। হাইড্রেশন ব্রেক পর্যন্ত ম্যাচে দাপট ছিল নেস্টর লরেঞ্জোর ছেলেদের।
ব্রেকের পর ঘুরে দাঁড়ায় পর্তুগাল। ৪২ মিনিটে পেড্রো নেটোর শট বাইরে যায়। কয়েক মুহূর্ত পর রোনাল্ডোর বাইসাইকেল কিক ব্লক করেন কলম্বিয়ার ডিফেন্ডাররা। গোটা ম্যাচে রোনাল্ডো সুলভ কোনও ঝলকই দেখা গেল না।
দ্বিতীয়ার্ধে আরও আগ্রাসী কলম্বিয়া। উইং প্লে আর গতিতে পর্তুগাল রক্ষণকে বারবার ফালাফালা করে দিল হ্যামেস রড্রিগেজ, লুইস দিয়াজরা। গোটা ম্যাচে ২৬টি শট নেয় কলম্বিয়া। তার মধ্যে অন্তত ৬টি নিশ্চিত গোল বাঁচান দিয়েগো কোস্তা। সংযুক্ত সময়ে কলম্বিয়ার গোল অফসাইডে বাতিল না হলে হারতেই হত পর্তুগালকে।
পাল্টা আক্রমণে জোয়াও ফেলিক্স, রাফায়েল লেয়াওরা দু-তিনটি সুযোগ তৈরি করলেও কলম্বিয়ার গোলকিপারকে বেগ দিতে পারেননি।
এই ড্রয়ের ফলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে গেল কলম্বিয়া। তাদের প্রতিপক্ষ ঘানা। দ্বিতীয় হয়ে শেষ করায় পর্তুগালের সামনে ক্রোয়েশিয়া। উজবেকিস্তানকে হারিয়ে তৃতীয় হয়ে নকআউটে গেছে কঙ্গোও।
গ্রুপে দ্বিতীয় হওয়ায় কোয়ার্টার ফাইনালে মেসি-রোনাল্ডো দ্বৈরথের সম্ভাবনাও শেষ। শেষ আটে উঠলে পর্তুগালের সামনে পড়তে পারে স্পেন। মেসির শহরে এসে ফুল ফোটাতে ব্যর্থ রোনাল্ডো, আপাতত নকআউটের কঠিন লড়াই-ই তাঁর সামনে।
